নজরুল বর্ষে নীলফামারীতে সাংস্কৃতিক প্রতিযোগিতা
- সর্বশেষ আপডেট ০৬:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 141
নজরুল বর্ষ উপলক্ষে নীলফামারীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক জাতীয় নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোহাম্মদ নায়িরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম এবং জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু।
জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র প্রশিক্ষক তাসনিম ফৌজিয়া ওপেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মে সাম্য, মানবতা এবং অসাম্প্রদায়িকতার শক্তিশালী বার্তা রয়েছে। অন্যায়, অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর লেখনী সবসময় প্রতিবাদের ভাষা হিসেবে কাজ করেছে।
তারা আরও বলেন, নজরুলের সৃষ্টিকর্ম কেবল সাহিত্য ও সংগীতের মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁর আদর্শ ও মূল্যবোধ নতুন প্রজন্মকে মানবিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গঠনে অনুপ্রাণিত করতে পারে।
শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবির আদর্শ ও চেতনা ছড়িয়ে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক, জেলা জাসাসের আহ্বায়ক আসলাম হায়াত মিল্টন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।






























