দেশ ছাড়েননি রুমি, আগাম জামিনের আবেদন
- সর্বশেষ আপডেট ০৮:০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 105
টঙ্গীতে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে মারধর করে আলোচনায় আসা শাহজালাল রুমি দেশ ছাড়েননি। মারধর, হত্যাচেষ্টা ও চুরির অভিযোগে করা মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রুমির আইনজীবী এইচ এম রুহুল আমীন মোল্লা (হাসান) এ তথ্য জানান।
আইনজীবী বলেন, আইনি সহায়তা নিতে সোমবার রাতে রুমি তাঁর চেম্বারে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। তাঁর বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। তবে আবেদনের শুনানির তারিখ এখনো জানা যায়নি।
গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন শিশুটির বাবা শাহজালাল রুমি। পরে ওই শিক্ষককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরপর শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন। অন্যদিকে, মাদ্রাসার অধ্যক্ষের পক্ষ থেকে করা পাল্টা মামলায় রুমির বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।
সোমবার রাতে সাংবাদিকদের কাছে রুমি দাবি করেন, তিনি দেশ ছেড়ে চলে গেছেন এবং এসব বিষয় নিয়ে আর ভাবছেন না। তবে তাঁর আইনজীবীর বক্তব্য অনুযায়ী, তিনি দেশ ছাড়েননি; বরং আইনি সহায়তা নিয়ে আগাম জামিনের আবেদন করেছেন।






























