দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম

- সর্বশেষ আপডেট ১২:২৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / 129
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর এ সিদ্ধান্তের কথা জানায় বাজুস। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
বাজুসের নির্ধারিত দাম অনুযায়ী, এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। অলঙ্কারের নকশা ও মান অনুযায়ী এর সঙ্গে মজুরি প্রযোজ্য হবে।
সংগঠনটি জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলঙ্কার বিক্রির নির্ধারিত মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। পুরোনো অলঙ্কার বদলের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম প্রযোজ্য হবে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্যতালিকা কার্যকর থাকবে।
এর আগে, গত ২২ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এক দিনের ব্যবধানে আবারও দাম কমানোর ফলে দেশের বাজারে স্বর্ণের মূল্য আরও কমল।































