গাজীপুরে পরিবেশমন্ত্রী
দেড় বছরের মধ্যে সারাদেশে বর্জ্য ব্যবস্থাপনা
- সর্বশেষ আপডেট ০৭:১৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 104
আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সারাদেশে বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে দেশের অন্যতম বড় সমস্যা। এ সমস্যা সমাধান করা গেলে পরিবেশদূষণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য সাভারের আমিনবাজারে একটি প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। একই ধরনের ব্যবস্থা পর্যায়ক্রমে সারাদেশে গড়ে তোলা হবে। শিগগিরই এ উদ্যোগের সুফল দৃশ্যমান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
গাজীপুর সাফারি পার্কের বিভিন্ন অব্যবস্থাপনা দূর করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, পার্কটি পরিদর্শন করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। সেখানকার সমস্যা চিহ্নিত করে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে ব্যক্তিমালিকানাধীন জমি ও যাতায়াতের সমস্যা নিয়েও কথা বলেন পরিবেশমন্ত্রী। তিনি জানান, বনের ভেতরে অনেকের ব্যক্তিমালিকানাধীন জমি রয়েছে। সড়কের সমস্যার কারণে অনেকে নিজেদের জমিতে যেতে পারছেন না। এ সমস্যা সমাধানে চলতি মাসেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া বিভিন্ন রিসোর্ট ও শিল্পকারখানার অবৈধ দখলে থাকা বনের জমি পুনরুদ্ধারে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে মন্ত্রী গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান পরিদর্শন করেন। এ সময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু, প্রধান বন সংরক্ষক আমির হোসেন, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন, সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।































