দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ওয়াংচুকের
- সর্বশেষ আপডেট ০৫:০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 51
ভারতের রাজধানী দিল্লিতে শিক্ষা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই পক্ষের শতাধিক মানুষ আহত হওয়ার পরও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।
অনলাইনভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টির আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত ২৮ জুন দিল্লিতে শুরু হওয়া বিক্ষোভে সংহতি জানিয়ে অনশনে যোগ দেন ওয়াংচুক। এরপর থেকে শুধু পানি ও লবণ গ্রহণ করে অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। দীর্ঘ অনশনে তার ওজন ৯ কেজির বেশি কমেছে বলে জানা গেছে। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৮ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (২০ জুলাই) ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে যন্তর মন্তর এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। দিল্লি পুলিশের দাবি, সংঘর্ষে ১১৮ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলার অভিযোগে ৭০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ, ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং সরকারি সম্পদের ক্ষতি করেছেন। তবে আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। লাঠিচার্জে শিক্ষার্থীসহ অনেকে আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সংঘর্ষে প্রায় ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশি অভিযানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ওয়াংচুক বলেন, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সঙ্গে আচরণ দেখে তিনি অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আন্দোলনের নেতাদের সংসদ সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া অথবা সংসদ সদস্যরা হাসপাতালে এসে কথা না বলা পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না বলে জানান।
তিনি শিক্ষা মন্ত্রণালয়ের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়ে সরকার ও পুলিশের প্রতি আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান।
ককরোচ জনতা পার্টি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে।




































