‘দিন গোনা ছাড়া আমার কিছু করার নেই’: জ্বালানিমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৬:৩১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 76
ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত না হওয়া পর্যন্ত গ্যাস সংকট মোকাবিলায় লোডশেডিং কমানো ও গ্যাস সরবরাহ ব্যবস্থাপনা করা ছাড়া আপাতত দিন গোনা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
এফএসআরইউতে ত্রুটি দেখা দেওয়ায় গ্যাস সরবরাহে যে সংকট তৈরি হয়েছে, তা নিরসনে মেরামতের কাজ চলছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, প্রকৌশলীরা টার্মিনালটি সচল করতে কাজ করছেন। এখন সেটি দ্রুত মেরামত হওয়ার অপেক্ষায় দিন গোনা ছাড়া তাঁর হাতে তেমন কিছু নেই।
মন্ত্রী বলেন, পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ সরবরাহ ও লোডশেডিং ব্যবস্থাপনার পাশাপাশি শিল্প খাতে যতটা সম্ভব গ্যাস সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, সরকার বসে নেই। দেশের বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং গ্যাস ও জ্বালানি সংকট মোকাবিলায় বিভিন্ন দেশের সঙ্গেও যোগাযোগ চলছে। এ বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে আলোচনা চলছে এবং প্রধানমন্ত্রীও দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে জানান তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও জানান, গ্যাসের চাহিদা মেটাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ২০২৯ সালের মধ্যে দেশে আরও তিনটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, নতুন টার্মিনাল স্থাপন করা গেলে ভবিষ্যতে গ্যাস সরবরাহের সক্ষমতা বাড়বে এবং বর্তমানের মতো সংকট মোকাবিলা করা সহজ হবে।

































