দশবন বৌদ্ধ রাজ বিহারে কঠিন চীবর দান উদযাপন
- সর্বশেষ আপডেট ০৬:৩৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 119
খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার দশবন বৌদ্ধ রাজ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দান উদযাপন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) এ উপলক্ষে বিহার প্রাঙ্গণে বুদ্ধপূজা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদান ও ধর্মীয় দেশনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত বিমল জ্যোতি মহাথের। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ধর্মীয় শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক তনহংকর মহাথের, পার্বত্য সংঘ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভদন্ত লোকপ্রিয় ভিক্ষু এবং পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের ভদন্ত শ্রদ্ধা লংকার মহাথের। অনুষ্ঠান সঞ্চালনা করেন শান্তি লুচন চাকমা।
অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকা, পুণ্যার্থীসহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ বৌদ্ধ নারী-পুরুষ অংশ নেন। এ সময় ভিক্ষুসংঘের উদ্দেশ্যে কল্পতরু, কঠিন চীবর ও বিভিন্ন দানীয় সামগ্রী প্রদান করেন পুণ্যার্থীরা।
দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে বুদ্ধের আদর্শ অনুসরণ, মানবকল্যাণ, মৈত্রী, করুণা ও অহিংসার চর্চার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং সকল প্রাণীর মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। বর্ষাবাস শেষে ভিক্ষুসংঘকে চীবর দানের মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করা হয়। ধর্মীয় এ আয়োজন বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করে।






























