থানার কাছেই যুবককে গুলি করে হত্যা, পালাল তিনজন
- সর্বশেষ আপডেট ১২:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / 51
খুলনা নগরীর দৌলতপুর থানার কাছে জলিল মুন্সি (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা তিন হামলাকারী গুলি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের টহল দল তাদের ধাওয়া করলেও কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি দৌলতপুর থানা থেকে প্রায় ২০০ থেকে ৩০০ মিটার দূরে।
নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার বাসিন্দা দিল মুন্সির ছেলে। তিনি নগরীর ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি কুলিবাগান মোড়ে এসে জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বুক ও পিঠে গুলি লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ সময় পুলিশের একটি টহল দল তাদের ধাওয়া করলেও হামলাকারীদের আটক করা সম্ভব হয়নি। পরে স্থানীয়রা গুরুতর আহত জলিল মুন্সিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি করে। পুলিশের টহল দল তাদের ধাওয়া করলেও তারা পালিয়ে যায়। পরে জলিলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।






























