চিকিৎসায় ঢামেকের অবদান জাতীয় গর্ব: প্রধানমন্ত্রী
- সর্বশেষ আপডেট ১০:০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 50
ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, একটি জাতির অগ্রগতি সুস্থ, দক্ষ ও মানবিক জনগোষ্ঠীর ওপর নির্ভরশীল। আর সেই ভিত্তি গড়ে তুলতে মানসম্মত চিকিৎসা শিক্ষা, গবেষণা ও আধুনিক স্বাস্থ্যসেবার বিকল্প নেই।
প্রধানমন্ত্রী বলেন, আট দশক ধরে দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ঢাকা মেডিকেল কলেজ যে অবদান রেখে চলেছে, তা জাতীয় গর্বের বিষয়। এ ধারাবাহিকতা বজায় রাখতে সরকার স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, ১৯৪৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ অসংখ্য দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক চিকিৎসক গড়ে তুলেছে। পাশাপাশি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন, ছাত্র-জনতার অভ্যুত্থান, জাতীয় সংকট ও প্রাকৃতিক দুর্যোগে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা ও আধুনিক চিকিৎসা প্রযুক্তির যুগে ঢাকা মেডিকেল কলেজ ভবিষ্যতেও বিশ্বমানের চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্যনেতৃত্ব তৈরি করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং রোগীসেবায় আরও বেশি ভূমিকা রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।


































