ঢাবিতে দুই হলের ছাত্রদলের সংঘর্ষে আহত ৪

- সর্বশেষ আপডেট ০৬:৩২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 132
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চলার পথে পাশ দিয়ে মোটরসাইকেল যাওয়াকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে দুই হলের ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের সঙ্গে কয়েকজন সাধারণ শিক্ষার্থীও মারামারিতে জড়িয়ে পড়েন।
আহতরা হলেন সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার লিওন, একই হলের সদস্য সাইফ আলী শিথিল, সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী ও আরবি বিভাগের শিক্ষার্থী রমজান আলী এবং মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ সৌরভ। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের একপর্যায়ে রমজান আলী অচেতন হয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সূত্রপাত সোমবার (৫ অক্টোবর) বিকেলে। ওই দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বরের জেব্রা ক্রসিংয়ের পাশে সূর্যসেন হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম তারেকের সঙ্গে মাহফুজ সৌরভের বাগবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।
তারেকের দাবি, ক্লাব থেকে ওষুধ কিনে ফেরার সময় জেব্রা ক্রসিংয়ের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি মোটরসাইকেল তার শরীরের কাছাকাছি চলে আসে। এতে প্রতিবাদ করলে মোটরসাইকেলচালকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে কয়েকবার চড় ও ঘুষি মারা হয় বলে অভিযোগ করেন তিনি।
পরদিন মঙ্গলবার তারেক ও তার কয়েকজন বন্ধু সৌরভকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি মোটরসাইকেলটি রাস্তায় ফেলে চলে যান বলে দাবি করেন সূর্যসেন হলের শিক্ষার্থীরা। পরে মোটরসাইকেলটি সূর্যসেন হলে নিয়ে যাওয়া হয়।
তবে সোমবারের ঘটনার বিষয়ে মাহফুজ সৌরভের বক্তব্য জানতে চাইলে তিনি ঘটনাটিকে ছোটখাটো বিষয় বলে উল্লেখ করেছিলেন। পরে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে বিস্তারিত জানাবেন বললেও এরপর আর বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনাটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ এসেছে। সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার রাতে মোটরসাইকেল ফেরত দেওয়া এবং আগের বিরোধ মীমাংসার জন্য প্রশাসনিক ভবনের সামনের মল চত্বরে দুই পক্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা বৈঠকে বসেন। সেখানে সূর্যসেন হল ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার লিওনসহ কয়েকজন উপস্থিত ছিলেন।
সূর্যসেন হলের শিক্ষার্থী ফাইম শাহরিয়ারের অভিযোগ, মীমাংসার সময় জহুরুল হক হলের ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করেন। শাহরিয়ার লিওনও তাকে মারধর করেন বলে দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন লিওন। তার দাবি, আগের ঘটনার জেরে তারেক ও তার বন্ধুরা সৌরভকে মারধর করতে গেলে তিনি বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। বৈঠকে সৌরভ ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পরপরই সূর্যসেন হলের লোকজন তাদের ওপর হামলা চালায় বলে দাবি করেন তিনি।
লিওন বলেন, ‘সৌরভ ক্ষমা চাওয়ার পরপরই তারা হঠাৎ আমাদের মারধর শুরু করে।’
অন্যদিকে মাহফুজ সৌরভের অভিযোগ, তার মোটরসাইকেল আটকে রেখে সেটি ফেরত দেওয়ার বিনিময়ে তারেকের লোকজন এক লাখ টাকা দাবি করেছিলেন। তবে সোমবারের ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি ফোন কেটে দেন এবং পরে আর ফোন ধরেননি।
ঘটনার বিষয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। তবে এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
সংঘর্ষের আগে প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছিল কি না জানতে চাইলে প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটি পর্যবেক্ষণ করছে।

































