ঢাকাই চলচ্চিত্রে পা রাখছেন মধুমিতা
- সর্বশেষ আপডেট ০৭:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / 144
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে ঢাকায় এসেছেন। শনিবার (১ আগস্ট) সকালে স্বামী দেবমাল্য চক্রবর্তীকে সঙ্গে নিয়ে তিনি রাজধানীতে পৌঁছান।
তার অভিনীত প্রথম বাংলাদেশি সিনেমা ‘গুলশানের চামেলি’-এর মহরত অনুষ্ঠিত হবে শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। এ আয়োজনেই অংশ নিতে তার এই বাংলাদেশ সফর।
সিনেমাটির পরিচালক মো. ইকবাল জানান, মহরতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ছবির যাত্রা শুরু হবে। একই অনুষ্ঠানে সিনেমার সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীদের নামও ঘোষণা করা হবে।
তিনি আরও জানান, ছবিটির শুটিং চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে শুরু করার পরিকল্পনা রয়েছে।
‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে। নির্মাতার ভাষ্য, এতে বাংলাদেশ ও ভারতের একঝাঁক জনপ্রিয় শিল্পী একসঙ্গে অভিনয় করবেন।
ইতোমধ্যে অভিনয়শিল্পীদের তালিকায় যুক্ত হয়েছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার, কিংবদন্তি অভিনেত্রী রোজিনা এবং আজমেরী হক বাঁধন। মহরত অনুষ্ঠানে আরও কয়েকজন শিল্পী ও কলাকুশলীর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুটিং শেষ হওয়ার পর সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
































