ডেঙ্গুতে মেয়ের মৃত্যু, আইসিইউতে দুই সন্তান

- সর্বশেষ আপডেট ১০:৩৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 139
ডেঙ্গুতে আক্রান্ত তিন সন্তানকে নিয়ে হাসপাতালে ছুটে বেড়াচ্ছিলেন এক চিকিৎসক দম্পতি। দুই সন্তান আইসিইউতে, বড় মেয়ে ছিল লাইফ সাপোর্টে। হাসপাতালের বাইরে বসে সন্তানের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন মা। আর চিকিৎসক বাবা একটু পরপর আইসিইউতে গিয়ে দেখছিলেন সন্তানদের সর্বশেষ অবস্থা। অসংখ্য রোগীর চিকিৎসা করা এই বাবাকেই আজ নিজের সন্তানদের বাঁচানোর লড়াইয়ে অসহায় হয়ে পড়তে হয়েছে।
কিন্তু মায়ের প্রার্থনা ও বাবার প্রাণান্ত চেষ্টার পরও বাঁচানো যায়নি ১৫ বছর বয়সী আরশীকে। রোববার দুপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায় সে। অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার দুই ভাইবোন। তাদের অবস্থাও নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন বাবা-মা।
কান্নাজড়িত কণ্ঠে চিকিৎসক বাবা বলেন, ‘আজ অষ্টম দিন চলছে। সে লাইফ সাপোর্টে আছে, ভেন্টিলেশনে আছে। সবাই দোয়া করবেন।’
এক সন্তানের মৃত্যুর শোক বুকে নিয়েও বাকি দুই সন্তানকে ঘিরে হাসপাতালে ছুটতে হচ্ছে এই দম্পতিকে। একদিকে মেয়েকে হারানোর অসহনীয় বেদনা, অন্যদিকে অন্য দুই সন্তানের জীবন নিয়ে দুশ্চিন্তা—সব মিলিয়ে কঠিন সময় পার করছেন তারা।
পরিবারের এক সদস্য জানান, তাদের পরিবারের অনেকেই চিকিৎসক। চিকিৎসার ক্ষেত্রে কোনো ত্রুটি ছিল না বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, ‘আমাদের পরিবারে অনেক সদস্যই চিকিৎসক। চিকিৎসার ক্ষেত্রে কোনো ত্রুটি হয়নি, এটা আমি বলব। কিন্তু তারপরও একটি ছোট্ট মশার কামড়ে একটি তাজা প্রাণ চলে গেল। অথচ তাকে বাঁচানোর জন্য আমরা কিছুই করতে পারলাম না।’
দেশে ডেঙ্গুর প্রকোপে প্রতিদিনই প্রাণহানির ঘটনা ঘটছে। পাশাপাশি হামের সংক্রমণও উদ্বেগ বাড়াচ্ছে। এসব রোগে প্রিয়জন হারিয়ে শোকের মুখোমুখি হচ্ছে অসংখ্য পরিবার। কারও মাথার ওপর থেকে সরে যাচ্ছে বাবা-মায়ের ছায়া, আবার কেউ হারাচ্ছেন নিজের সন্তানকে।
স্বাস্থ্যসংক্রান্ত তথ্যমতে, চলতি বছরের ২৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, নভেম্বরে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে সংক্রমণ প্রতিরোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।































