ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- সর্বশেষ আপডেট ০৪:২৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 92
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় মোস্তাকিম (৩২) ও শ্রী উদা রায় (৩৪) নামে আরও দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। আহত দুজনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।
শনিবার ভোরে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির ৩৩৩ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত আসাদুল হক পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে। আহত মোস্তাকিম একই এলাকার আহেদ আলীর ছেলে এবং শ্রী উদা মুনষা নারায়ণের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় ভারতের ৬৩ চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের একটি টহল দল গুলি চালায়। এতে তিন বাংলাদেশি গুরুতর আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাদের ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুল হকের মৃত্যু হয়।
বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য শাহাজাহান আলী বলেন, বিএসএফের গুলিতে নিহত ও আহত তিনজনই ইউনিয়নের বাসিন্দা। ভারতীয় সংবাদমাধ্যমের মাধ্যমে আসাদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহত দুজনের অবস্থাও ভালো নয়।
এ বিষয়ে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন বলেন, বিভিন্ন মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছে বিজিবি। তবে বিএসএফের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিস্তারিত তথ্য জানতে এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পতাকা বৈঠক হলে বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।


































