ঝালকাঠি কারাগারে অসুস্থ নারী হাজতির মৃত্যু

- সর্বশেষ আপডেট ০৪:৪০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 118
ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল রেখা (৩৫) নামে এক নারী হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মাদক মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন।
কারাগার সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে অসুস্থ বোধ করেন কাজল রেখা। খবর পেয়ে কারাগারের চিকিৎসক ডা. জাবির হাসান তাঁর কাছে যান। এ সময় তাঁর শ্বাসকষ্ট ও শরীর শীতল হয়ে আসার লক্ষণ দেখা যায়।
পরে তাঁকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
ঝালকাঠি জেলা কারাগারের সুপার মোহাম্মদ বিকাশ রায়হান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কাজল রেখা ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকার বাসিন্দা আরিফ হোসেনের স্ত্রী। তিনি এক সন্তানের জননী।
কারাগার সূত্রে আরও জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে কাজল রেখাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, এ সময় তাঁর কাছ থেকে ২০টি ইয়াবা বড়ি ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মাদক মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি ঝালকাঠি জেলা কারাগারে বন্দি ছিলেন।































