জাল সনদে ১১৭ শিক্ষকের এমপিও বাতিল
- সর্বশেষ আপডেট ০৭:৫২:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / 104
জাল সনদ যাচাইয়ে প্রমাণ পাওয়ার পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আরও ১১৭ জন শিক্ষকের এমপিও সুবিধা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের রোববারের পৃথক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এনটিআরসিএর যাচাইয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের সনদ ভুয়া হিসেবে চিহ্নিত হওয়ার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। বাতিল হওয়া তালিকায় মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক রয়েছেন।
একই দিনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ২৪ জন কলেজশিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। অভ্যন্তরীণ নিরীক্ষা শাখার পাঠানো তালিকায় মোট ৮৫ জন শিক্ষককে ভুয়া বা জাল প্রত্যয়নপত্রধারী হিসেবে শনাক্ত করা হয়, যার মধ্যে কলেজ পর্যায়ে ২৪ জন এবং স্কুল পর্যায়ে ৬১ জন রয়েছেন।
এনটিআরসিএর যাচাই প্রতিবেদনের ভিত্তিতে তাঁদের এমপিও বাতিল, সরকারি অর্থ ফেরত আদায় এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন তাঁদের এমপিও ও নিয়োগ বাতিল হবে না—সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশ পাওয়া শিক্ষকদের ১০ কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে লিখিত জবাব জমা দিতে হবে।
































