অভিযোগ রাশেদ খাঁনের
জামায়াতের কারণেই আ. লীগ মিছিলের সাহস পাচ্ছে
- সর্বশেষ আপডেট ১২:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / 55
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জামায়াতে ইসলামীর কারণে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এবং পরে সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, গুলশানে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে। তাদের সঙ্গে জামায়াতে ইসলামীর গোপন যোগাযোগ থাকতে পারে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী একসঙ্গে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবারও জামায়াতের কারণে আওয়ামী লীগ আন্দোলন করার সাহস পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জামায়াতের নেতারা বলছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের আপত্তি নেই। তবে দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিএনপি নেতৃত্ব দিয়েছে। এসব আন্দোলনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবন দিয়েছেন। তাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সব পক্ষকে ঐক্যবদ্ধ রাখতে বিএনপি কাজ করতে চায়।
অন্যদিকে জামায়াত ও এনসিপি ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি তৈরি করেছে বলেও অভিযোগ করেন রাশেদ খাঁন।
এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালিতে অংশ নেন তিনি। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























