জয়ের জন্মদিনে কক্সবাজারে অপু বিশ্বাস
- সর্বশেষ আপডেট ০৪:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 134
ঢাকাই সিনেমার আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে কক্সবাজারে উড়াল দিয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস।
রোববার (২৭ সেপ্টেম্বর) ১০ বছরে পা দিয়েছে জয়। জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দেন অপু বিশ্বাস। তিনি লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ, যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’
ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খানও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’
জয়ের জন্মদিন আরও স্মরণীয় করে রাখতে তাকে নিয়ে কক্সবাজারে পাড়ি দেন অপু বিশ্বাস। নিজের ফেসবুক অ্যাকাউন্টে মা-ছেলের একটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে দেখা যায়, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজের সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন তারা।
ছবিতে অপু বিশ্বাসের পরনে ছিল গোলাপি কাজের সালোয়ার-কামিজ ও চোখে রোদচশমা। অন্যদিকে জয়ের পরনে ছিল কালো টি-শার্ট ও প্যান্ট। তার চোখেও ছিল রোদচশমা এবং মুখে কালো মাস্ক।
ছবিটি পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে অপু বিশ্বাস ক্যাপশনে লেখেন, ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ।’




































