জবির প্রক্টরের দায়িত্বে অধ্যাপক আজম খান
- সর্বশেষ আপডেট ০৭:৫২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 69
চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন। তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খানকে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের বিদেশে চিকিৎসার জন্য গমনের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. আজম খানকে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
আগামী ১২ আগস্ট থেকে অধ্যাপক ড. মো. আজম খান এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক ড. মো. আজম খান বর্তমানে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করছেন। প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা এবং এ-সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম তদারক করবেন।
উল্লেখ্য, চিকিৎসা শেষে অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন দেশে ফেরার আগ পর্যন্ত অধ্যাপক আজম খানই প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।




































