জবিতে ভিসি ভবনের পাশেই গরু জবাই

- সর্বশেষ আপডেট ১২:৩২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 173
ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তির প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের ভবনের পাশেই গরু জবাই করেছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে পূর্বঘোষিত ‘শুক্রবারের গরুভোজ’ কর্মসূচির অংশ হিসেবে উপাচার্যের বাসভবন ও গণিত বিভাগের মধ্যবর্তী সড়কে গরু জবাই করা হয়।
এর আগে, শিক্ষার্থীদের গরুভোজ আয়োজনের জন্য বৃহস্পতিবার ১ লাখ ২৫ হাজার টাকা দিয়ে একটি গরু কেনা হয়। এ আয়োজনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
গত বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে পরিবেশের পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসুরক্ষা ও শৃঙ্খলা বজায় রাখার কথা উল্লেখ করে ক্যাম্পাসের ভেতরে পশু জবাই নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা শিক্ষার্থীদের নিয়ে গরুভোজ আয়োজনের ঘোষণা দেন। এতে অংশগ্রহণের জন্য জনপ্রতি ৭০ টাকা ফি নির্ধারণ করে বৃহস্পতিবার গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধনের ব্যবস্থা করা হয়।
প্রশাসনের বিজ্ঞপ্তির প্রতিবাদে বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে জকসুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা চার দফা দাবি জানান।
দাবিগুলোর মধ্যে রয়েছে, পশু জবাই নিষিদ্ধের বিজ্ঞপ্তি প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়া, গরুভোজের আয়োজনকে সাম্প্রদায়িক রং দেওয়ার পেছনের কারণ তদন্ত করা, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার মেনুতে গরু ও খাসির মাংস যুক্ত করা এবং ক্যাম্পাসে সর্বজনীন ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত প্রক্টর অধ্যাপক ড. মো. আজম খান জানিয়েছিলেন, নির্দিষ্ট নিয়ম মেনে এবং প্রশাসনের অনুমতি নিয়ে সুশৃঙ্খলভাবে গরুভোজের আয়োজন করা হলে কর্তৃপক্ষের কোনো আপত্তি থাকবে না।































