গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ
চোর সন্দেহে যুবককে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ
- সর্বশেষ আপডেট ০১:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 64
বগুড়া সদরের বারপুর এলাকায় শামীম হোসেন (৩৫) নামে এক যুবককে চোর সন্দেহে রাতভর মারধর ও নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় শামীমকে নিশিন্দারা ইউনিয়ন পরিষদের সামনে ফেলে রাখা হয়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত শামীম হোসেন সদর উপজেলার নামুজা ইউনিয়নের চৌমুহনী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। তাঁর মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, হত্যাকাণ্ডে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা ও তাঁর ছেলেসহ কয়েকজন জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
নিহতের শাশুড়ি ছোবেদা বেগমের ভাষ্য, এক নিকটাত্মীয়ের দাফনে অংশ নিতে শামীম বারপুর এলাকায় গিয়েছিলেন। দাফন শেষে রাতে সেখানে হাঁটাহাঁটি করার সময় তাঁকে চোর সন্দেহে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা, তাঁর ছেলে এবং আরও কয়েকজন আটক করেন। পরে তাঁকে রাতভর মারধর ও নির্যাতন করা হয়। একপর্যায়ে তাঁর পায়ের রগ কেটে গুরুতর আহত অবস্থায় ইউনিয়ন পরিষদের সামনে ফেলে রাখা হয়।
শামীমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার সকালে নিশিন্দারা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
অবরোধকারীদের একজন রাকিবুল হাসান বলেন, চোর সন্দেহে শামীমকে মারধর ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। তিনি জানান, শামীম কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






























