চরফ্যাশনে যুবদল নেতা-বন কর্মকর্তা গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৪:০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 196
ভোলার চরফ্যাশনে মাদকবিরোধী অভিযানে যুবদল নেতা ও এক বন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মাদক সেবনের বিষয়টি নিশ্চিত করতে ডোপ টেস্ট করানো হবে বলে জানিয়েছে পুলিশ।
৩০ সেপ্টেম্বর গভীর রাতে দক্ষিণ আইচা থানা এলাকায় স্থানীয় মাদক কারবারি জসিমের বাড়িতে অভিযান চালিয়ে ইব্রাহিম নয়ন ও বন কর্মকর্তা রুমেল রনিকে গ্রেপ্তার করা হয়।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জসিম পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন কি না, তা নিশ্চিত করতে তাদের ডোপ টেস্ট করানো হবে। পরীক্ষার ফলাফল পজিটিভ হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আহসান কবির বলেন, আইনের চোখে সবাই সমান। ডোপ টেস্টের ফলাফল পজিটিভ হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযানের সময় স্থানীয় এক বিএনপি নেতার সহযোগিতায় জসিমসহ তিনজন পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
































