চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার ২
- সর্বশেষ আপডেট ০৩:৪৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 75
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার আলোচিত ডাব ব্যবসায়ী ও দিনমজুর আলাউদ্দিন রাঢ়ী হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুলাল দালাল ও হেমায়েত দালাল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) শশীভূষণ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মেহেদী হাসান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট চরকলমির চৌমুহনী বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন আলাউদ্দিন রাঢ়ী। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে শশীভূষণ থানার চরকলমি ইউনিয়নের উত্তর চরমঙ্গল এলাকার ৫ নম্বর ওয়ার্ডের একটি নির্জন ধানক্ষেতের বিল থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শশীভূষণ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কোনো সুস্পষ্ট ক্লু না থাকায় শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মদের নেতৃত্বে একটি বিশেষ দল তদন্ত শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার ১২ দিনের মধ্যে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে দুলাল দালাল ও হেমায়েত দালালকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার দিন মাছ ধরার কথা বলে কৌশলে আলাউদ্দিনকে বিলের ভেতরে নির্জন স্থানে ডেকে নেওয়া হয়। সেখানে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছাটি উদ্ধার করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে শশীভূষণ থানার ওসি ফিরোজ আহম্মদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।






























