গোল ফর গুড: বিশ্বকাপের গোলে সবুজ বাংলাদেশের বার্তা
- সর্বশেষ আপডেট ০৬:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / 147
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনাকে পরিবেশ সংরক্ষণের বার্তার সঙ্গে যুক্ত করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী আয়োজন ‘গোল ফর গুড’। শনিবার (১ আগস্ট) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫০০ পরিবেশসচেতন নাগরিক অংশ নেন।
যুব নেতৃত্বাধীন বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন আইইডির সিনিয়র কোঅর্ডিনেটর জ্যোতি চট্টোপাধ্যায়।
বিশ্বকাপে অনুষ্ঠিত ১০৪টি ম্যাচে মোট ৩০৮টি গোলের স্মরণে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে কর্মসূচিতে ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল একটি বিশেষ ‘গোল বার’। অংশগ্রহণকারীরা সেখানে শট নিয়ে গোল করার সুযোগ পান। সফলভাবে গোল করতে পারলেই তাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে গাছের চারা। একই সঙ্গে প্রত্যেকে সেই চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করেন।
আয়োজকদের ভাষ্য, খেলাধুলার আনন্দকে পরিবেশ রক্ষার বাস্তব উদ্যোগের সঙ্গে যুক্ত করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। তাদের মতে, বিশ্বকাপের ট্রফি যে দেশের কাছেই যাক, বিশুদ্ধ বাতাস ও সবুজ পরিবেশ সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। তাই ‘গোল ফর গুড’ কেবল প্রতীকী আয়োজন নয়; এটি পরিবেশ রক্ষায় নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলার একটি সামাজিক উদ্যোগ।
কর্মসূচিতে অংশ নেওয়া অনেকেই বলেন, একটি গোলের মাধ্যমে একটি গাছের দায়িত্ব নেওয়ার ধারণা খেলাধুলা, পরিবেশ এবং সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে গেঁথেছে। বিশেষ করে শিশু ও তরুণদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বাড়াতে এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। তাদের বিশ্বাস, ছোট ছোট নাগরিক উদ্যোগই জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করতে পারে।
এই আয়োজনের যৌথ আয়োজক ছিল ইউথ ফর নাউ, টিনস সেভার বাংলাদেশ, ইরেজার, ফিল্টার বাংলাদেশ, ইউথ ফর আপলিফট, ক্লাইমেট কালচার মিডিয়া সেন্টার, জনউদ্যোগ, ইকোভ্যান্স এবং অঞ্জনা নারী উন্নয়ন সংস্থা।





































