গোলাগুলির মধ্যে সাজেক থেকে ফিরলেন পর্যটকেরা

- সর্বশেষ আপডেট ০৪:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / 168
সেনাবাহিনীর সহায়তায় সাজেকে আটকে পড়া পর্যটকেরা নিরাপদে খাগড়াছড়ি শহরে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে পর্যটকবাহী গাড়ির বহরটি শহরে পৌঁছায়। এর আগে সকাল পৌনে ৯টার দিকে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন তাঁরা। পথে একাধিক স্থানে অবরোধের মুখে পড়লেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গন্তব্যে পৌঁছান পর্যটকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক সড়কে অবরোধ চলাকালে পর্যটকদের নিরাপদে সরিয়ে নিতে ব্যারিকেড অপসারণের চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় অবরোধকারীদের বাধার মুখে পড়ে তারা। একপর্যায়ে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, অবরোধকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গুলি ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঢাকা থেকে সাজেকে বেড়াতে যাওয়া পর্যটক আবুল কাশেম বলেন, তাঁরা দুই রাত তিন দিনের ভ্রমণে বুধবার সাজেকে গিয়েছিলেন। সেখানে পৌঁছানোর পর সন্ধ্যায় আন্দোলনের কথা জানতে পারেন। পরদিন তাঁদের সাজেক থেকে ফিরিয়ে আনা হয়।
তিনি বলেন, তিন দিনের জন্য গাড়ি ভাড়া করে অগ্রিম টাকা দিয়েছিলেন। এখন ভ্রমণ সংক্ষিপ্ত হয়ে যাওয়ায় গাড়িভাড়ার বিষয়টি কীভাবে সমাধান হবে, তা নিয়ে চিন্তায় আছেন। এ ছাড়া ঢাকায় ফেরার বাসের টিকিটও দুই দিন পরের। তাই বাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।
হবিগঞ্জ থেকে বেড়াতে আসা পর্যটক অপু বলেন, আনন্দ করতে সাজেকে গেলেও সেখানে গিয়ে দুশ্চিন্তায় পড়তে হয়েছে। আন্দোলনের কারণে ঠিকমতো পর্যটনকেন্দ্র ঘুরে দেখা সম্ভব হয়নি। সন্ধ্যা থেকে পরিস্থিতি নিয়ে নানা খবর শুনে নিরাপদে ফিরতে পারবেন কি না, তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তাঁরা।
অপু জানান, ফেরার পথে দুটি স্থানে তাঁদের গাড়িবহর আটকে পড়ে। বহরের সামনে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি ছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, আন্দোলনকারীরা সেনাবাহিনী ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবরোধকারীদের সড়কের দুই পাশে সরিয়ে দিয়ে পর্যটকবাহী গাড়িগুলোকে দ্রুত ওই এলাকা পার করে দেন।
শেষ পর্যন্ত সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে খাগড়াছড়ি শহরে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন পর্যটকেরা। তবে ভ্রমণ সংক্ষিপ্ত হওয়া ও যাতায়াতের বাড়তি জটিলতা নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগ রয়েছে।































