গোপনে ড্যাপ সংশোধনে ঢাকার ভবিষ্যৎ ঝুঁকিতে

- সর্বশেষ আপডেট ০৭:১৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 171
রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের নামে অস্বচ্ছ প্রক্রিয়ায় গেজেট প্রকাশের অভিযোগ তুলে তা সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সংস্থাটির মতে, যথাযথ পরিকল্পনাগত বিশ্লেষণ ও কারিগরি মূল্যায়ন ছাড়া এ ধরনের সংশোধন ঢাকার পরিবেশ, বাসযোগ্যতা ও টেকসই নগর উন্নয়নের জন্য হুমকি তৈরি করতে পারে।
আইপিডি বলছে, ২০২২ সালে ড্যাপ প্রণয়নের পর আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকারের আমলে বিভিন্ন সংশোধনের মাধ্যমে নগর পরিকল্পনার মৌলিক লক্ষ্য ও জনস্বার্থ উপেক্ষিত হয়েছে। ব্যবসায়িক গোষ্ঠীর স্বার্থে পরিকল্পনা পরিবর্তন করা হলে পরিবেশ ও পরিকল্পনাকে অগ্রাধিকার দেওয়ার সরকারি অঙ্গীকার প্রশ্নবিদ্ধ হবে।
সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, ড্যাপের তৃতীয় দফা সংশোধনে পরিকল্পনাবিদ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে যথাযথ পরামর্শ, প্রস্তাবিত পরিবর্তনের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা এবং কারিগরি মূল্যায়নের বিষয়গুলো উপেক্ষা করা হয়েছে। এমনকি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্বে থাকা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সংশ্লিষ্ট পর্যায়ও সংশোধন প্রক্রিয়া সম্পর্কে অবগত ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে আইপিডি।
আইপিডির অভিযোগ, এবারের সংশোধনে শিল্প ও আবাসন খাতের জন্য বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) এবং কাঠাপ্রতি আবাসিক ইউনিটের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে নগরের ধারণক্ষমতা, পরিবেশগত ভারসাম্য ও নাগরিক সুবিধার বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি।
বুড়িগঙ্গার তীর, জুরাইন ও পোস্তগোলার মতো পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় ড্যাপে চিহ্নিত নদীতীরবর্তী উন্মুক্ত স্থানে ভারী শিল্পকারখানা স্থাপনের অনুমোদন নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। আইপিডির মতে, এসব এলাকায় শিল্পবর্জ্য ও রাসায়নিক পদার্থের কারণে নদীদূষণ আরও বাড়তে পারে। এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে ‘প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০’সহ প্রযোজ্য আইন ও বিধিবিধান অনুসরণ করা জরুরি।
একইভাবে, বন্যাপ্রবাহ এলাকা, প্রাকৃতিক জলপ্রবাহের পথ ও জলাশয়ে আবাসন প্রকল্পের সুযোগ বাড়ানো হলে রাজধানীর জলাবদ্ধতা আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছে আইপিডি। এসব এলাকা বৃষ্টির পানি ধারণ ও নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে এগুলোর সুরক্ষা দুর্বল হলে সংশ্লিষ্ট প্রকল্পের বাইরেও বিস্তীর্ণ এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন।
সংস্থাটি আরও বলেছে, পূর্বাচলসহ পরিকল্পিত এলাকায় জনসংখ্যা ও অবকাঠামোগত সক্ষমতা বিবেচনা না করে বারবার এফএআর বাড়ানো হলে পরিকল্পনার মূল উদ্দেশ্য ব্যাহত হবে। ভবনের আয়তন বাড়ানোর আগে সড়ক ও গণপরিবহন, পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, অগ্নিনিরাপত্তা, উন্মুক্ত স্থান এবং পরিবেশের ধারণক্ষমতা নিশ্চিত করা প্রয়োজন।
ড্যাপ সংশোধনের পেছনে কী পরিকল্পনাগত কারণ রয়েছে এবং কারা সংশোধনের সুপারিশ করেছে, তার পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশের দাবি জানিয়েছে আইপিডি। একই সঙ্গে ড্যাপের আগের ও বর্তমান সংশোধনগুলোর কারিগরি তদন্ত করে দুর্নীতি বা ব্যবসায়িক স্বার্থ কাজ করেছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আইপিডির অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে বন্যাপ্রবাহ এলাকা, নদীতীর, জলাশয়, পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণের বিধান কঠোরভাবে কার্যকর করা এবং এফএআর বৃদ্ধির ক্ষেত্রে জনসংখ্যা ও নাগরিক অবকাঠামোর ধারণক্ষমতা বিবেচনায় নেওয়া। ভবিষ্যতে ড্যাপ সংশোধনের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক নিয়ম, পেশাগত পরামর্শ, কারিগরি মূল্যায়ন, পরিবেশগত প্রভাব বিশ্লেষণ ও জনস্বার্থ যাচাই বাধ্যতামূলক করারও দাবি জানিয়েছে সংস্থাটি।
আইপিডির মতে, নগর পরিকল্পনা কোনো ব্যবসায়িক গোষ্ঠীর স্বার্থে পরিবর্তনের দলিল হতে পারে না। ঢাকাকে নিরাপদ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য রাখতে বিতর্কিত সংশোধনীসংবলিত গেজেট সম্পূর্ণ বাতিল করে পরিকল্পনাবিদদের মতামত, গবেষণা ও নাগরিক স্বার্থকে প্রাধান্য দিয়ে নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন।































