গুপ্ত রাজনীতি নিয়ে মুখোমুখি বিএনপি-জামায়াত

- সর্বশেষ আপডেট ১১:৪১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 115
বাংলাদেশের রাজনীতিতে ‘গুপ্ত রাজনীতি’ নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কে কোন দলের হয়ে রাজনীতি করছেন, কার আনুগত্য কোথায় কিংবা কোন দল অন্য দলের ভেতরে গোপনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে; এসব প্রশ্ন ঘিরে বাড়ছে রাজনৈতিক বিতর্ক।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন, গুপ্ত রাজনীতির মাধ্যমে ষড়যন্ত্র চলছে। গত ১ অক্টোবর ফেনীতে এক জনসভায় তিনি বলেন, যারা অতীতে রাজপথে ছিলেন না, তারাই এখন স্বৈরাচার ও পলাতক শক্তির সঙ্গে একত্র হয়েছেন। তাঁর বক্তব্যে জামায়াতকে ইঙ্গিত করা হয়েছে বলে মনে করছেন অনেকে।
এর দুই দিন পর ঢাকায় বায়তুল মোকাররমের সামনে এক সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এর প্রতিবাদ জানান। তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জীবন দিয়েছেন। অথচ এখন তাদেরই গুপ্ত বলে আখ্যা দেওয়া হচ্ছে।
বিতর্কে যোগ দিয়েছেন সরকারের প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুরও। গত ১৫ অক্টোবর তিনি অভিযোগ করেন, জামায়াত বিভিন্ন প্রক্সি সংগঠন তৈরি করে রাজনীতিতে ব্যবহার করছে। তাঁর দাবি, জুলাইয়ের নামে গড়ে ওঠা বিভিন্ন সংগঠনের বড় একটি অংশ জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট।
বাংলাদেশে ‘গুপ্ত রাজনীতি’ নিয়ে জোরালো আলোচনা শুরু হয় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের নেতারা প্রকাশ্যে আসতে শুরু করলে তাঁদের কারও কারও বিরুদ্ধে আগে গোপনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠে। এসব অভিযোগের বড় অংশ তুলেছিল ছাত্রদল।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের অভিযোগ, ছাত্রশিবিরের নেতারা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সংগঠনে যুক্ত হয়ে প্রভাব বিস্তার করেন। তাঁর দাবি, পরিচয় গোপন রেখে এভাবে অন্য সংগঠনে সক্রিয় থাকার কারণে তাঁদের গুপ্ত রাজনীতির সঙ্গে যুক্ত বলা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রশিবির। সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ দাবি করেন, শিবির নিয়মিত কমিটি গঠন করে এবং তাদের ওয়েবসাইটে বিভিন্ন শাখার কমিটির তথ্য পাওয়া যায়। তাঁর বিরুদ্ধে ছাত্রলীগ-সংশ্লিষ্টতার অভিযোগও তিনি নাকচ করে দিয়েছেন।
রাজনীতি বিশ্লেষকদের মতে, বাংলাদেশে গোপন রাজনীতি নতুন নয়। অতীতে নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোকে আন্ডারগ্রাউন্ড থেকে কার্যক্রম চালাতে হয়েছে। তবে সময়ের সঙ্গে এর ধরন বদলেছে। এখন কোনো দল নিষিদ্ধ না হলেও অন্য সংগঠনে যুক্ত হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ সামনে আসছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক জোবাইদা নাসরিনের মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস থেকেই গুপ্ত রাজনীতি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ বাড়ছে। এর প্রভাব শুধু দলগুলোর পারস্পরিক সম্পর্কেই নয়, অভ্যন্তরীণ রাজনীতিতেও পড়ছে। অতীতে অন্য দলে যুক্ত থাকা কিংবা নতুন করে কোনো দলে যোগ দেওয়ার ঘটনাকেও এখন সন্দেহের চোখে দেখা হচ্ছে।
বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, সংস্কার ও জুলাই জাতীয় সনদসহ বিভিন্ন ইস্যুতে জামায়াত গোপনে ষড়যন্ত্র করছে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুকের দাবি, সংস্কারের বিরোধিতা না করলেও এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে।
অন্যদিকে জামায়াত এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের অভিযোগ, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে মানুষের দৃষ্টি সরাতেই গুপ্ত রাজনীতির প্রসঙ্গ সামনে আনা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় এখন বড় প্রশ্ন; গুপ্ত রাজনীতির অভিযোগ কি সত্যিকারের অনুপ্রবেশ ও গোপন রাজনৈতিক তৎপরতা শনাক্ত করার উপায়, নাকি এটি দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস বাড়ানোর হাতিয়ার হয়ে উঠছে?

































