গান-আড্ডায় মুখর মুন্সীগঞ্জ সাংস্কৃতিক জোটের নৌভ্রমণ

- সর্বশেষ আপডেট ১১:০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 68
আনন্দ, গান ও আড্ডায় উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নৌভ্রমণ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জ। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মুন্সীগঞ্জ লঞ্চঘাট থেকে শুরু হওয়া এ আয়োজনে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
নৌভ্রমণে অংশগ্রহণকারীরা মুন্সীগঞ্জ লঞ্চঘাট থেকে যাত্রা করে গজারিয়ার ষোলআনি, চর কিশোরগঞ্জ ফেরিঘাট ও মেঘনাঘাটসহ বিভিন্ন স্থানে সময় কাটান। নদীর মনোরম পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গান, আড্ডা আর আনন্দে মেতে ওঠেন সংস্কৃতিকর্মীরা। কর্মব্যস্ততার বাইরে সহকর্মীদের সঙ্গে সময় কাটানোর এ আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সভাপতি মোজাম্মেল হোসেন সজল ও সাধারণ সম্পাদক শাহনাজ হীরার সার্বিক তত্ত্বাবধানে নৌভ্রমণটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকেরা জানান, সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি বিভিন্ন সংগঠনের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সম্মিলিতভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ তৈরিতেও এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখবে।
অংশগ্রহণকারীরা জানান, দৈনন্দিন ব্যস্ততার বাইরে একসঙ্গে সময় কাটানোর সুযোগ তাঁদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সাংস্কৃতিক চর্চার পাশাপাশি এ ধরনের আয়োজন সাংস্কৃতিক অঙ্গনের ঐক্য সুদৃঢ় করতে এবং পারস্পরিক সম্পর্ক আরও গভীর করতে সহায়ক হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।































