খুলনা সওজের “মাতাল” প্রকৌশলীকে ওএসডি
- সর্বশেষ আপডেট ১১:০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 456
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একাধিক যানবাহনে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠার কয়েক দিন পর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী দেবাশীষ কুমার মন্ডলকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাকে যশোরের যান্ত্রিক উপ-বিভাগ থেকে ঢাকার সড়ক ভবনে প্রধান প্রকৌশলীর দপ্তর সংলগ্ন ছুটি, প্রশিক্ষণ ও প্রেষণজনিত সৃষ্ট সংরক্ষিত (যান্ত্রিক) পদে বদলি করা হয়েছে।
সোমবার ৫ অক্টোবর সওজের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. মনিরুজ্জামানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, দেবাশীষ কুমার মন্ডল (পরিচিতি নম্বর-৭০০২০৩) যশোরে উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন। তাকে সড়ক ভবন, তেজগাঁও, ঢাকায় পদায়ন করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, আগামী ৬ অক্টোবর ২০২৬ তারিখে তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ৭ অক্টোবর বিকেলে বর্তমান কর্মস্থল থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাতে খুলনা নগরীর ময়লাপোতা মোড়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ওঠে দেবাশীষের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই গাড়ি একাধিক যানবাহনে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ কয়েকজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই রাত ১০টার দিকে ঢাকা মেট্রো-গ-১৪-৭৩০০ নম্বরের একটি প্রাইভেটকার নগরীর সাতরাস্তা মোড়ে যাত্রীসহ একটি স্কুটিতে ধাক্কা দেয়। পরে ময়লাপোতা মোড়ে দুটি যাত্রীবাহী অটোরিকশা ও আরেকটি স্কুটিতে ধাক্কা দেয় গাড়িটি। এতে কয়েকজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়িটি ঘিরে ফেলেন। এ সময় গাড়িতে থাকা ব্যক্তিদের সঙ্গে স্থানীয়দের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গাড়ি থেকে আধা বোতল দেশীয় ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। গাড়িতে থাকা দুজনকে থানায় নেওয়া হয়।
ওসি জানান, আটক দুজনের একজন সওজের মেকানিক্যাল বিভাগের অফিস সহকারী মামুন। তার মদ পানের বৈধ লাইসেন্স ছিল। লাইসেন্সের মাধ্যমে মদ কেনা হয়েছিল কি না, তা যাচাই করে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে দেবাশীষ কুমার মন্ডলকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্র জানায়, আদালত থেকে অর্থদণ্ড দেওয়ার পর দেবাশীষ ছাড়া পান।
ঘটনার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। সওজের কয়েকটি সূত্রের দাবি, দেবাশীষ নিয়মিত মদ পান করতেন এবং এ কাজে দপ্তরের কয়েকজন কর্মচারীকে ব্যবহার করতেন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
খুলনার নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) গুঞ্জন বড়ুয়া বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। দেবাশীষ তার অধীনে কর্মরত হলেও তিনি ছুটিতে থাকায় পুরো বিষয়টি বিস্তারিত জানেন না।
সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুল আলম খানও বলেন, তিনিও ঘটনাটি শুনেছেন; তবে বিস্তারিত তার জানা নেই।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে দেবাশীষ কুমার মন্ডলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
দেবাশীষের কর্মস্থল নিয়েও সওজের কর্মকর্তাদের বক্তব্যে অসঙ্গতি পাওয়া গেছে। জানা গেছে, এর আগে তিনি সওজের মাগুরা ১ম সারি কারখানা উপ-বিভাগে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, সেখানে নিয়মিত অফিস না করে মাসে একবার গিয়ে বেতন তুলতেন। এ অবস্থার মধ্যেই তিনি পদোন্নতি পান বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
খুলনায় তার দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন রয়েছে। সওজের কয়েকটি সূত্রের অভিযোগ, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) গুঞ্জন বড়ুয়ার ঘনিষ্ঠ হওয়ায় তাকে মাগুরা থেকে খুলনায় রাখা হয়েছিল। আরও অভিযোগ, গুঞ্জন বড়ুয়ার হয়ে বিভিন্ন ঠিকাদারের সঙ্গে কমিশন-বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন দেবাশীষ। এসব অভিযোগেরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।
সওজের একাধিক সূত্রের দাবি, খুলনা ফেরি বিভাগে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা থাকা সত্ত্বেও বিশেষ সুবিধায় মাগুরা থেকে দেবাশীষকে খুলনায় আনা হয়। তার পদায়ন ও দায়িত্ব পালনের ধরন নিয়েও সংস্থার ভেতরে প্রশ্ন ছিল বলে সূত্রগুলো জানিয়েছে।
এ বিষয়ে খুলনার নির্বাহী প্রকৌশলী (সিভিল) পদে অতিরিক্ত দায়িত্বে থাকা আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, দেবাশীষের মূল কর্মস্থল মাগুরা হলেও তিনি প্রেষণে খুলনা ১ম সারি কারখানা উপ-বিভাগের সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে এ দায়িত্ব দাপ্তরিক আদেশে নাকি মৌখিকভাবে দেওয়া হয়েছিল, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
এদিকে সওজের মেকানিক্যাল বিভাগের কাজের ঠিকাদারি ও কমিশন বণ্টন নিয়ে আসাদুজ্জামান ওরফে পার্সেন্টিজ বাবুর নামও সামনে এসেছে। সওজের কয়েকটি সূত্রের দাবি, আসাদুজ্জামান খুলনায় বিভিন্ন প্রতিষ্ঠানে ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত এবং গুঞ্জন বড়ুয়া ও দেবাশীষের সঙ্গে সমন্বয় করে মেকানিক্যাল বিভাগের বিভিন্ন কাজের স্টিমেট, কাজ এবং কমিশন বণ্টন করা হতো। এমনকি গুঞ্জন বড়ুয়াকে বগুড়া থেকে খুলনায় বদলি করে আনতেও বড় অঙ্কের অর্থ ব্যয়ের অভিযোগ করেছে সূত্রগুলো। এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে আসাদুজ্জামুজ্জামান বলেন, তিনি বিভিন্ন দপ্তরে কাজ করেন এবং নিজে সওজে ঠিকাদারি করেন না। তবে তার পরিচিত লোকজন সেখানে ঠিকাদারি করেন। গুঞ্জন বড়ুয়া কিংবা দেবাশীষ মন্ডলকে চেনেন কি না; এমন প্রশ্ন করা হলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।






























