ফিরে এসে মুখে কুলুপ
খুলনায় সাব রেজিস্ট্রারকে অপহরণের অভিযোগ

- সর্বশেষ আপডেট ০৯:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 156
খুলনায় জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন যুবক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। প্রায় ৪০ মিনিট পর তাকে আবার রিকশায় করে কার্যালয়ে ফিরিয়ে দেওয়া হয়। তবে কারা তাকে নিয়ে গিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের খাবারের বিরতিতে কার্যালয় থেকে বের হয়ে রিকশায় ওঠেন তন্ময় কুমার মণ্ডল। এ সময় ৩-৪টি মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক তাকে ঘিরে ধরেন। তাদের মধ্যে দুজন রিকশায় উঠে তার সঙ্গে যান। একজন তার মুখ চেপে ধরেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
কিছু দূর যাওয়ার পর তন্ময় মণ্ডলকে মোটরসাইকেলে তুলে কালীবাড়ি রোডের একটি দোকানের দিকে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ কালীবাড়ি ঘাট এলাকায় অভিযান শুরু করে। প্রায় ৪০ মিনিট পর তাকে রিকশায় করে কার্যালয়ে ফিরতে দেখা যায়। তখন তাকে আতঙ্কিত ও ঘর্মাক্ত অবস্থায় দেখা যায়।
পরে সাংবাদিকদের তন্ময় কুমার মণ্ডল বলেন, কয়েকজন যুবক তাকে কালীবাড়ি ঘাটের কাছে একটি দোকানে নিয়ে যান। সেখানে কিছু কাগজপত্র সঠিক কি না, তা দেখতে দেওয়া হয়। কাজ শেষ হলে তারাই তাকে রিকশায় তুলে দেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। কিছু সময়ের মধ্যেই সাব রেজিস্ট্রার ফিরে আসেন। কয়েকজন তাকে কিছু কাগজপত্র দেখার জন্য ঘাট এলাকায় নিয়ে গিয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয়দের ভাষ্য, কালীবাড়ি ঘাট এলাকায় একটি সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য রয়েছে। তবে সাব রেজিস্ট্রারকে তুলে নেওয়ার ঘটনার সঙ্গে ওই গ্রুপের সংশ্লিষ্টতার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।































