খাওয়া শেষ, বিয়ে পড়াতে হুজুর প্রস্তুত- হঠাৎ হাজির ম্যাজিস্ট্রেট!
- সর্বশেষ আপডেট ০২:১৩:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 57
কনের বাবা মো. মহিন উদ্দিন মানিককে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় অর্থদণ্ড দেওয়া হয়। ছবি: সংগৃহীত
বিয়ের সব আয়োজন শেষ। বাড়িজুড়ে উৎসবের আমেজ। বরযাত্রীর খাওয়া-দাওয়াও শেষ। বিয়ে পড়ানোর জন্য হুজুরও প্রস্তুত। ঠিক তখনই বিয়েবাড়িতে হাজির নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে বিয়েতে অংশ নিতে নয়- ১৩ বছরের ষষ্ঠ শ্রেণির এক শিশুর বিয়ে বন্ধ করতে! রবিবার (৯ আগস্ট) খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিপাড়া গ্রামে ঘটে এমন ঘটনা।
জানা গেছে, থলিপাড়া গ্রামের মো. মহিন উদ্দিন মানিকের ১৩ বছর বয়সী মেয়ে ফারহানার সঙ্গে একই উপজেলার বলিপাড়া গ্রামের ২৫ বছর বয়সী সাখাওয়াত হোসেনের বিয়ের দিন নির্ধারিত ছিল রবিবার। সে অনুযায়ী কনের বাড়িতে চলছিল বিয়ের শেষ মুহূর্তের আয়োজন। যথাসময়ে বরযাত্রীও হাজির হয়। খাওয়া-দাওয়াও শেষ করে তারা অপেক্ষায় ছিলেন বিয়ের আনুষ্ঠানিকতার।
এর মধ্যেই খবর আসে- বিয়েবাড়িতে আসছেন ম্যাজিস্ট্রেট!
বাল্যবিয়ের খবর পেয়ে রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত পুলিশ নিয়ে হাজির হন বিয়েবাড়িতে।
পরে কনের জন্মনিবন্ধন সনদ যাচাই করে দেখা যায়, তার জন্মতারিখ ২ জানুয়ারি ২০১৩। অর্থাৎ বয়স মাত্র ১৩ বছরের কিছু বেশি। সে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
বয়স নিশ্চিত হওয়ার পরই বন্ধ করে দেওয়া হয় বিয়ের সব আয়োজন।
বাল্যবিয়ে আয়োজনের অপরাধে কনের বাবা মো. মহিন উদ্দিন মানিককে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
শুধু জরিমানাতেই শেষ হয়নি অভিযান। অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে না দেওয়ার পাশাপাশি প্রাপ্তবয়স্ক কনে ছাড়া বিয়ে না করার বিষয়ে উভয় পক্ষের অভিভাবকদের কাছ থেকে নেওয়া হয় লিখিত মুচলেকা।
এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই পাত্রপক্ষকে নিজেদের বাড়িতে ফেরত পাঠানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত বলেন, জন্মনিবন্ধন যাচাই করে কনের বয়স ১৩ বছর পাওয়া গেছে। এই বয়সে বিয়ে দেওয়া শুধু আইনত অপরাধ নয়, এটি একটি সামাজিক ব্যাধিও।
বিয়েবাড়িতে উপস্থিত সবাইকে বাল্যবিয়ের ক্ষতিকর দিক ও আইনি বিষয়গুলো বোঝানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশের আইন অনুযায়ী, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। এর আগে বিয়ের আয়োজন করা বাল্যবিবাহ হিসেবে গণ্য হয়। এ ধরনের বিয়ে আয়োজন বা সম্পাদনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

































