কয়রায় মাদ্রাসার নির্মাণকাজ নিয়ে বিতর্ক, বন্ধ করলেন ইউএনও
- সর্বশেষ আপডেট ০৯:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 88
খুলনার কয়রা উপজেলার অর্জুনপুর হাসনিয়া দাখিল মাদ্রাসার সীমানাপ্রাচীর, গেট ও শিক্ষার্থীদের গ্যারেজ নির্মাণে ১২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণকাজে সিমেন্ট, বালু ও খোয়া কম ব্যবহার এবং প্লাস্টার খসে পড়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল বাকি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নির্মাণকাজের মান নিয়ে মাদ্রাসার সুপার ইদ্রিস আলীর কাছে জবাবদিহি চাইতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। এ সময় স্থানীয় যুবক শাহীন আলমসহ কয়েকজন নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদ জানান।
স্থানীয়দের অভিযোগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে বরাদ্দ পাওয়া ১২ লাখ টাকার প্রকল্পে নির্ধারিত মান অনুযায়ী নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে না। সিমেন্ট, বালু ও খোয়া কম দেওয়ায় নির্মিত স্থাপনার স্থায়িত্ব নিয়ে তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন। কাজের মান নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার দাবি জানান তাঁরা।
স্থানীয় যুবক শাহীন আলম বলেন, প্রকল্পের কাজে নির্ধারিত পরিমাণে সিমেন্ট, বালু ও খোয়া ব্যবহার করা হচ্ছে না বলে তাঁদের অভিযোগ। বিষয়টি ইউএনওকে মুঠোফোনে জানানোর পর তিনি কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
কয়রা উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ধনঞ্জয় কুমার মিস্ত্রি বলেন, অভিযোগের বিষয়ে তিনি অবগত হয়েছেন এবং নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তখনো তিনি সরেজমিনে মাদ্রাসাটি পরিদর্শন করেননি। পরে গিয়ে নির্মাণকাজের মান ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখবেন বলে জানান তিনি।
মাদ্রাসার সুপার ইদ্রিস আলী বলেন, ইউএনও বিষয়টি জানার পর কাজ বন্ধ করে দিয়েছেন। তিনিও চান, নির্মাণকাজ যথাযথভাবে সম্পন্ন হোক। প্রায় এক মাস ধরে প্রকল্পের কাজ চলছিল বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা প্রকল্পের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন, বরাদ্দ অনুযায়ী নির্মাণসামগ্রীর ব্যবহার নিশ্চিত করা এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, তদন্তের মাধ্যমে কাজের গুণগত মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।






























