কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে ফ্লাইট চালু
- সর্বশেষ আপডেট ০২:২৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 96
কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনাল থেকে পরীক্ষামূলকভাবে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রায় ১৮ হাজার বর্গমিটারের আধুনিক টার্মিনালটি দিয়ে যাত্রীবাহী ফ্লাইট ওঠানামা শুরু হয়।
নতুন টার্মিনাল চালু হওয়ায় কক্সবাজারে আসা পর্যটকদের মধ্যেও উচ্ছ্বাস দেখা গেছে। যাত্রীরা জানিয়েছেন, আগের তুলনায় নতুন টার্মিনালে পরিচ্ছন্নতা, যাত্রীসেবা ও লাগেজ সংগ্রহের ব্যবস্থাপনা উন্নত হয়েছে। অপেক্ষার জায়গা ও অন্যান্য সুবিধাও তাদের কাছে স্বস্তিদায়ক মনে হয়েছে।
বেসরকারি বিমান সংস্থাগুলো বলছে, দেশের দ্বিতীয় বৃহত্তম এই টার্মিনালে দেশি-বিদেশি যাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে। ইউএস-বাংলার স্টেশন ম্যানেজার মোসা আহমেদ বলেন, টার্মিনালের প্রস্থান ও আগমন হল প্রশস্ত। পাশাপাশি বড় ও আধুনিক বোর্ডিং লাউঞ্জসহ যাত্রীদের প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা রাখা হয়েছে।
নভোএয়ারের স্টেশন ম্যানেজার সারওয়ার উল কাদের বলেন, নতুন টার্মিনালে ব্যাগেজ বেল্টের সুবিধা রয়েছে। জায়গাও আগের তুলনায় অনেক বেশি। ফলে যাত্রীদের গাদাগাদি করে চলাচলের সমস্যা কমেছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও হয়রানি রোধে নতুন টার্মিনালে জোরদার নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবাহিনী, আনসার, এপিবিএন, বেবিচকের নিরাপত্তা বিভাগসহ প্রায় ১৬টি সংস্থা ও বিভাগের সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।
কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার মো. সাইফুল্লাহ বলেন, বিভিন্ন সংস্থার সদস্যরা একযোগে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী অক্টোবর থেকে কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে আন্তর্জাতিক ফ্লাইটের ওঠানামা শুরু হওয়ার কথা রয়েছে।































