কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে পর্যটকের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৬:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 319
কক্সবাজারে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার নামে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি স্বজনদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।
সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম জানান, ইজিবাইকে চলাচলের সময় সীমা আক্তারের ওড়না চাকায় পেঁচিয়ে গেলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।






























