এলপিজি নিয়ে মুখোমুখি সরকার-ব্যবসায়ীরা

- সর্বশেষ আপডেট ১২:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / 198
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের মধ্যে নতুন করে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে সরকার ও ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের একাংশের দুই দিনের ধর্মঘটের ঘোষণার পর সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ধর্মঘটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ হুঁশিয়ারি দেন। বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও উপস্থিত ছিলেন।
এদিকে ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ এলপি গ্যাস ট্রেডার্স কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন হয়রানি বন্ধ, কমিশন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ ভোক্তাদের মধ্যে গ্যাসের সংকট আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মন্ত্রী বলেন, ‘এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না। এ ধরনের পরিস্থিতিতে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, বর্তমান বিশ্বে জ্বালানি খাত বড় ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধের কারণে বিভিন্ন দেশে জ্বালানির সংকট তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে সরকার ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম সহনীয় রাখার চেষ্টা করছে।
ইকবাল হাসান মাহমুদ বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা তৈরি হয়েছে। এ অবস্থায় দেশে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং ভোক্তাদের ওপর বাড়তি চাপ কমানোর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, এটি জনগণের আস্থায় নির্বাচিত সরকার। জনগণ যাতে ভোগান্তিতে না পড়ে, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তাই ধর্মঘটের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।
১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, আইন লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ফলে ব্যবসায়ীদের ধর্মঘটের ঘোষণা ঘিরে সরকার আইন প্রয়োগের যে হুঁশিয়ারি দিয়েছে, তাতে পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
কেন অস্থির এলপিজির বাজার
এলপিজি বাজারে চলমান অস্থিরতার পেছনে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ একাধিক কারণ রয়েছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা, জাহাজ ভাড়া বৃদ্ধি এবং আমদানি অর্থায়নের জটিলতায় দেশে এলপিজি আমদানির ব্যয় বেড়েছে। একই সঙ্গে পাইপলাইনে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সিলিন্ডার গ্যাসের চাহিদা বেড়েছে।
এ ছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের স্বাভাবিক আমদানি ও সরবরাহ কার্যক্রম ব্যাহত হওয়ায় বাজারে সংকট আরও তীব্র হয়েছে। কোথাও কোথাও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগও উঠেছে। আবার চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় কিছু এলাকায় ভোক্তারা সিলিন্ডার পাচ্ছেন না।
এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান ওমেরা জানিয়েছে, আমদানি অর্থায়নের সীমাবদ্ধতা ও ব্যাংকিং জটিলতার কারণে কয়েকটি বড় অপারেটর স্বাভাবিক আমদানি কার্যক্রম চালাতে পারছে না। প্রতিষ্ঠানটির দাবি, তারা নিয়মিত আমদানি অব্যাহত রাখলেও বাজারের সামগ্রিক সংকটের কারণে সরবরাহের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
অন্যদিকে আইগ্যাসের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, জাহাজ চলাচলের জটিলতা এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আমদানি ব্যয় বাড়িয়ে দিয়েছে। উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারের অস্থিরতা কত দিনে কাটবে, তা নিশ্চিত করে বলা কঠিন।
ভোক্তার ওপর বাড়তি চাপের আশঙ্কা
বিইআরসি গত অক্টোবরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে। তবে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ভোক্তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। ব্যবসায়ীদের প্রস্তাবিত ধর্মঘট কার্যকর হলে বিদ্যমান সরবরাহ সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্যবসায়ীরা কমিশন বৃদ্ধি ও হয়রানি বন্ধের দাবি তুলেছেন। অন্যদিকে সরকার বলছে, দাবি আদায়ের জন্য ধর্মঘট করে সরবরাহ বন্ধ রাখা কিংবা পণ্যের দাম বাড়ানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়। ফলে একদিকে ব্যবসায়ীদের দাবি, অন্যদিকে সরকারের কঠোর অবস্থান; দুইয়ের মধ্যে সমঝোতা না হলে এলপিজি বাজারের অস্থিরতা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, আমদানি ও সরবরাহব্যবস্থার বাধা দূর করা এবং খুচরা বাজারে নির্ধারিত মূল্য কার্যকর করা জরুরি হয়ে উঠেছে। শেষ পর্যন্ত সরকার ও ব্যবসায়ীদের এই মুখোমুখি অবস্থানের অবসান হবে কি না, তার ওপরই অনেকটা নির্ভর করছে এলপিজি সরবরাহের স্বাভাবিকতা ও ভোক্তাদের ভোগান্তি কমার বিষয়টি।
































