এনসিপির সমাবেশে ককটেল হামলা দুই আসামির রিমান্ড
- সর্বশেষ আপডেট ০৮:২৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 61
সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট জিআর শাখার এসআই মো. বাহাজ উদ্দিন।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত ইমতিয়াজ গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, সোমবার দিবাগত রাত ২টার দিকে সাভারের আনন্দপুর এলাকা থেকে নুরুল ইসলাম ও সজীব নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে নুরুল ইসলাম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি ও একই ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। অপর আসামি সজীব যুবলীগের একজন কর্মী।
পুলিশ জানায়, গত সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা সংলগ্ন ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শাখাওয়াত ইমতিয়াজ জানান, সমাবেশস্থলে হামলার ঘটনায় আনন্দপুর থেকে নুরুল ইসলাম ও সজীবকে গ্রেপ্তারের পর এনসিপির দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।



































