এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- সর্বশেষ আপডেট ১১:৪৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 66
সিলেটের পাঁচ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
সূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে পদযাত্রা শেষে সমাবেশ করবে এনসিপি। শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে একই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এসব কর্মসূচিকে কেন্দ্র করে জেলার পাঁচ উপজেলায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানা গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ উপজেলায় বিজিবি মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেলা প্রশাসনকে চিঠি দেয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য বিজিবি মোতায়েনের আবেদন করা হয়।
বুধবার (২৯ জুলাই) সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে দুই দিনের জন্য বিজিবি চাওয়া হয়েছে।
সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার বলেন, এনসিপির পদযাত্রা ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে পোশাকধারী ও সাদা পোশাকের পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি জেলা প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচ প্লাটুন বিজিবিও মোতায়েন থাকবে।
তিনি আরও বলেন, কয়েকটি কর্মসূচি সূর্যাস্তের পর অনুষ্ঠিত হবে। এছাড়া সীমান্তবর্তী এলাকা হওয়ায় অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল জানান, জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে জেলার পাঁচ উপজেলায় পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।






























