এক টাকায় চার লাউ, চরম লোকসানে কৃষক
- সর্বশেষ আপডেট ০২:৩৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / 119
পঞ্চগড়ের আটোয়ারীতে লাউয়ের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় চরম লোকসানে পড়েছেন কৃষকেরা। কোথাও চারটি লাউ বিক্রি হচ্ছে মাত্র এক টাকায়। উৎপাদন খরচও তুলতে না পেরে অনেকে বাগান কেটে ফেলছেন। অথচ স্থানীয় বাজারে প্রতি পিস লাউ ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে অভিযোগ চাষিদের।
উপজেলার বিভিন্ন এলাকায় লাউয়ের দরপতনে কৃষকদের দুরবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এক কেজি মোটা চাল কেনার টাকা তুলতে তাঁদের শত শত লাউ বিক্রি করতে হচ্ছে। আর প্রতি কেজি ৭৫০ টাকা দরে গরুর মাংস কিনতে হলে বিক্রি করতে হচ্ছে কয়েক হাজার লাউ।
আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের তেলিপাড়া এলাকার কৃষক দুলাল ইসলাম ৪০ শতক জমিতে লাউ চাষ করেছিলেন। এ আবাদে তাঁর খরচ হয়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকা। কিন্তু পুরো বাগানের লাউ বিক্রি করে পেয়েছেন মাত্র তিন হাজার টাকা। এতে তাঁর শ্রমিকের মজুরিও উঠবে না বলে জানান তিনি।
দুলাল ইসলাম বলেন, ‘ভাবতে পারেন, আমরা কৃষকেরা লাউ আবাদ করে কতটা লোকসানে আছি! দুই থেকে তিন হাজার লাউ বিক্রি করেও এক কেজি গরুর মাংস কেনা যায় না। তাই কষ্টে বাগান কেটে ফেলেছি। লাউ গরুকে খাওয়াচ্ছি। আমরা দাম না পেলেও বাজারে প্রতি পিস লাউ ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।’
একই ইউনিয়নের ঝলঝলি উলারচাপ এলাকার লাউচাষি আনসারুল ইসলাম বলেন, ১০ দিন ধরে তিনি বাগানে পরিচর্যা করছেন না। সার ও কীটনাশকের দাম বাড়ছে, আর শ্রমিকের দৈনিক মজুরি দিতে হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা। অথচ এবার লাউ বিক্রি হচ্ছে সর্বোচ্চ পাঁচ টাকা দরে। এতে উৎপাদন খরচ তোলাও কঠিন হয়ে পড়েছে।
তিনি বলেন, ‘এভাবে কষ্টের ফসলের ন্যায্য দাম না পেলে মানুষ কৃষিকাজ ছেড়ে দিতে বাধ্য হবে।’
স্থানীয় ব্যবসায়ী সলেমান আলী বলেন, এবার লাউয়ের আবাদ ও ফলন দুটোই বেশি হয়েছে। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় কৃষকেরা দাম পাচ্ছেন না। বাইরের বাজারেও লাউয়ের ভালো দাম নেই।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পঞ্চগড় জেলায় বছরে প্রায় ৫৫০ থেকে ৬০০ হেক্টর জমিতে লাউ চাষ হয়।
এ বিষয়ে জানতে আটোয়ারী উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।






























