রাজশাহীতে তারেক রহমান
একাত্তরের ধোঁকাবাজরাই ধোঁকা দিয়েছে চব্বিশে

- সর্বশেষ আপডেট ০৯:১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 232
একাত্তরে যারা জনগণকে ধোঁকা দিয়েছিল, তারাই ২০২৪ সালের জুলাই আন্দোলনেও একই কাজ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর অভিযোগ, কিছু রাজনৈতিক দল মুখে জুলাই আন্দোলনের চেতনার কথা বললেও তাদের কর্মকাণ্ডে এর প্রতিফলন দেখা যায় না।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে শত শত মানুষকে হত্যা করেছে। সেই শহীদদের স্মরণে সোমবার ঢাকায় একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। বিএনপি একাত্তর ও চব্বিশ; দুই সময়ের চেতনাকেই ধারণ করে। এ কারণেই দলটি জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছে। শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসায় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জুলাইয়ের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই আন্দোলনের চেতনা ধারণ করার কথা বলা রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু সেসব দলের কোনো প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বলে অভিযোগ করেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টা চলছে উল্লেখ করে তারেক রহমান দাবি করেন, সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করে দেশের ভেতরে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে। এ বিষয়ে গোয়েন্দা তথ্য রয়েছে বলেও জানান তিনি।
তিনি অভিযোগ করেন, বিদেশ থেকে অর্থ সরবরাহকারী পক্ষের সঙ্গে দেশের ভেতরে বিভ্রান্তি ছড়ানো একটি পক্ষের যোগসাজশ রয়েছে। তবে বক্তব্যে এ অভিযোগের পক্ষে বিস্তারিত তথ্য বা সংশ্লিষ্ট পক্ষগুলোর পরিচয় তুলে ধরেননি তিনি। এ ধরনের তৎপরতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণা নিয়েও কটাক্ষ করেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের সময় ফ্যামিলি কার্ড নিয়ে বিরোধীরা নানা সমালোচনা করেছিল। কিন্তু এ কর্মসূচি বন্ধ হলে মা-বোনেরা ক্ষতিগ্রস্ত হবেন। এখন সিদ্ধান্ত নিতে হবে ফ্যামিলি কার্ড, খাল খনন ও কৃষক কার্ডের মতো কর্মসূচি চালু রাখা হবে কি না।
তারেক রহমান বলেন, এসব কর্মসূচি বাস্তবায়ন করতে হলে আগামী পাঁচ বছরও বিএনপির পাশে থাকতে হবে। তাঁর অভিযোগ, কিছু রাজনৈতিক দল একাত্তর থেকে শুরু করে বিভিন্ন সময়ে জনগণকে বিভ্রান্ত করে দেশকে ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করেছে। এসব দলের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এ সময় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, শফিকুল হক মিলন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।
জনসভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আবুল কালাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা এবং কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।































