ঈদ আমেজে অনুষ্ঠিত হলো নরসিংদী ম্যারাথন
- সর্বশেষ আপডেট ১২:৫৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 118
উৎসবমুখর পরিবেশে হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’। সুস্থ জীবনধারা ও শারীরিক সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দৌড়বিদেরা অংশ নেন। পুরো আয়োজনজুড়ে ছিল ঈদের আমেজ।
শুক্রবার ভোরে নরসিংদী সরকারি কলেজের শিক্ষা চত্বর থেকে ম্যারাথনের কার্যক্রম শুরু হয়। পরে আরশীনগর রেলগেটে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ মনজুর এলাহী। ‘নরসিংদী রানার্স কমিউনিটি’ আয়োজিত এ ম্যারাথনের স্লোগান ছিল, ‘স্বাস্থ্যের জন্য এক ধাপ, নরসিংদীর জন্য এক ধাপ’।
এবারের প্রতিযোগিতা তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল ৪২ দশমিক ১৯৫ কিলোমিটারের ফুল ম্যারাথন, ২১ দশমিক ১ কিলোমিটারের হাফ ম্যারাথন এবং ১০ কিলোমিটারের মিনি ম্যারাথন। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় প্রায় দেড় হাজার দৌড়বিদ অংশ নেন। ভোর সাড়ে ৪টায় ফুল ম্যারাথন, সকাল ৫টায় হাফ ম্যারাথন এবং সাড়ে ৫টায় মিনি ম্যারাথন শুরু হয়। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত চলে দৌড় প্রতিযোগিতা।

প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দৌড়বিদদের জন্য পানি সরবরাহ, প্রাথমিক চিকিৎসা ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতার ব্যবস্থা রাখা হয়। পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
পরে নরসিংদী সরকারি কলেজ মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে মেডেল, সনদপত্র, ট্রফি ও ক্রেস্ট তুলে দেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
অনুষ্ঠানে আয়োজক কমিটির উপদেষ্টা মাহবুবুর রহমান মনি, রেস পরিচালক দৌড়বিদ আক্তারুজ্জামান, রেস অ্যাম্বাসেডর দৌড়বিদ খবির উদ্দিন এবং আয়রনম্যান সাকলাইন রাসেল উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, তিনটি ক্যাটাগরিতে নারী ও পুরুষ মিলিয়ে ৪২ জন এবং বয়স্কদের মধ্যে আরও ১০ জনসহ মোট ৫২ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। নির্ধারিত দূরত্ব সফলভাবে শেষ করা দৌড়বিদদের বিশেষ মেডেল ও ই-সার্টিফিকেটও দেওয়া হয়।






























