ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক যে কারণে
- সর্বশেষ আপডেট ০৯:৪২:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / 550
বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্যের কারণে ইসলামী ব্যাংক থেকে অর্থ উত্তোলনের প্রবণতা বাড়লেও গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলতাফ হোসেন। তিনি দাবি করেছেন, ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী এবং কোনো তারল্য সংকট নেই।
সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের প্রেক্ষাপটে রোববার (৭ জুন) এক ভিডিও বার্তায় ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলতাফ হোসেন গ্রাহকদের আশ্বস্ত করেন। তিনি বলেন, ব্যাংকের আর্থিক অবস্থা স্থিতিশীল এবং গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে কিছু গ্রাহক বিভ্রান্তিকর খবরে প্রভাবিত হয়ে অতিরিক্ত অর্থ উত্তোলনের চেষ্টা করছেন। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় তাদের অর্থ উত্তোলন করতে পারবেন এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
মুহাম্মদ আলতাফ হোসেন বলেন, ২০২৪ সালের আগস্ট-পরবর্তী সংকটকালেও ব্যাংক সফলভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে। তখন জনগণের আস্থার কারণে ব্যাংকের আমানত ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। বর্তমান পরিস্থিতিও সাময়িক উল্লেখ করে তিনি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরার আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বর্তমান পরিচালনা পর্ষদের অধীনে বিনিয়োগ ও ঋণ অনুমোদনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। ব্যক্তিস্বার্থ বা পক্ষপাতমূলক সিদ্ধান্তের সুযোগ নেই, ফলে ব্যাংকের অর্থ অপব্যবহার বা পাচারের ঝুঁকিও নেই।
ভারপ্রাপ্ত এমডি জানান, বাংলাদেশ ব্যাংক সবসময় ইসলামী ব্যাংকের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দিয়েছে।
শেষে তিনি গ্রাহকদের অপপ্রচারে কান না দিয়ে শান্ত থাকার এবং ইসলামী ব্যাংকের ওপর আস্থা রাখার আহ্বান জানান।


































