ইসলামাবাদ চুক্তি ভাঙার দায় যুক্তরাষ্ট্রের: ঘালিবাফ
- সর্বশেষ আপডেট ০৯:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 59
ইসলামাবাদ সমঝোতা চুক্তি ভেঙে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।
বুধবার (৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান, দক্ষিণ ইরানে হামলা এবং ইরানের তেল রপ্তানিতে পুনরায় নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করেছে।
ঘালিবাফ বলেন, ‘ধমক আর জোরজবরদস্তির যুগ শেষ। এতে কোনো লাভ হবে না। আমরা কখনো নতি স্বীকার করব না।’
এর আগে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার মাধ্যমে ইরান ইসলামাবাদ চুক্তি ভঙ্গ করেছে। তাই তাদের সঙ্গে শান্তি আলোচনা সময়ের অপচয়।
ট্রাম্পের এই বক্তব্যের পরপরই এক্সে প্রতিক্রিয়া জানান ঘালিবাফ।
গত ১৮ জুন ইসলামাবাদে স্বাক্ষরিত ১৪ দফার চুক্তি অনুযায়ী, ইরান হরমুজ প্রণালিতে অবরোধ প্রত্যাহার করবে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও বন্দর অবরোধ প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয়। চুক্তির শর্ত ৬০ দিন কার্যকর থাকার কথা ছিল।
তবে গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর উত্তেজনা নতুন করে বাড়ে। এর জবাবে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের ৮০টি স্থাপনায় হামলা চালায় এবং তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে।
সেন্টকম জানায়, হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড নেটওয়ার্ক, উপকূলীয় রাডার ও জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়। অন্যদিকে ইরান দাবি করেছে, তারা কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে।




































