ইসরায়েলের বক্তব্যকালে বাংলাদেশের ওয়াকআউট

- সর্বশেষ আপডেট ০৭:৫৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 152
আজারবাইজানের বাকুতে কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যায় বাংলাদেশ প্রতিনিধিদল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্ট তার ভাষণ শুরু করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ওয়াকআউট করে।
বাকু থেকে পাওয়া তথ্যানুযায়ী, আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও এই ওয়াকআউটে যোগ দেন এবং ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করেন।
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে প্রতিবাদ হিসেবে এসব প্রতিনিধিদল সম্মেলন কক্ষ থেকে ওয়াকআউট করে।
এশিয়া অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা ও আস্থা বৃদ্ধির পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য অংশগ্রহণকারী দেশগুলোর শীর্ষ নেতা ও জ্যেষ্ঠ প্রতিনিধিদের নিয়ে আজারবাইজানের রাজধানীতে সপ্তম ‘সিকা’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সূত্র: বাসস
































