ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি করের রায় বহাল
- সর্বশেষ আপডেট ০৮:২২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 83
ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রামীণ কল্যাণের করা আবেদনের ওপর শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এ আদেশ দেন।
আদালত জানিয়েছেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করা হবে না। শুনানিতে গ্রামীণ কল্যাণের পক্ষে ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ।
শুনানি শেষে ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায় আপাতত বহাল থাকলেও পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত এ বিষয়ে এনবিআর কোনো কার্যকর হস্তক্ষেপ করবে না। রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকেও বিষয়টি আদালতকে নিশ্চিত করা হয়েছে বলে জানান আইনজীবীরা।
এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পক্ষে রায় দেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল খারিজ করে রায়টি দেন।
এনবিআরের দাবিকৃত অতিরিক্ত করের বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের করা দুটি রিট পিটিশন হাইকোর্টে খারিজ হওয়ার পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চেম্বার আদালতে স্থগিতাদেশ চাওয়া হয়। তবে চেম্বার আদালতের সর্বশেষ আদেশে হাইকোর্টের রায় আপাতত বহাল থাকায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত বিষয়টি এই পর্যায়েই থাকছে।





























