দাবি আইনমন্ত্রীর
আ. লীগ আমলে ৭০০ গুম, ৪ হাজারের বেশি ক্রসফায়ার
- সর্বশেষ আপডেট ০৭:০১:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / 104
আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে ৭০০-এর বেশি মানুষ গুম এবং সাড়ে ৪ হাজারের বেশি মানুষ কথিত ক্রসফায়ারে নিহত হয়েছেন বলে দাবি করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, দীর্ঘ এই সময়ে বিরোধী মত দমন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও রাজনৈতিক হয়রানির মাধ্যমে দেশকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে সাড়ে চার হাজারের বেশি মানুষকে বিচারবহির্ভূতভাবে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। তাদের স্বজনরা এখনও প্রিয়জনের ফেরার আশায় দিন গুনছেন।
তিনি আরও দাবি করেন, শুধু বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৬০ লাখের বেশি মানুষকে মিথ্যা ও গায়েবি মামলার আসামি করা হয়েছিল। এমনকি মৃত ব্যক্তি ও হজে অবস্থানরত ব্যক্তিদের নামও বোমাবাজি বা ডাকাতির মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
বক্তব্যের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইনমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাত্র ২০ দিনের আন্দোলনে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। অনেকেই হাত, পা কিংবা চোখ হারিয়েছেন, আবার অনেকে শরীরে গুলির ক্ষত নিয়েই বেঁচে আছেন।
তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দীর্ঘদিনের বৈষম্য, নিপীড়ন ও দমন-পীড়নের বিরুদ্ধে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নে শিল্প-সংস্কৃতির কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের কার্যক্রমের প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, সংগঠনটি দেশের বিভিন্ন প্রান্তে জুলাই আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে কাজ করছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার সঙ্গে সেই চেতনার সংযোগ বর্তমান সময়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানে তিনি ফেডারেশনের সভাপতি মেহেদী হাসানের নেতৃত্বেরও প্রশংসা করেন এবং আবৃত্তিশিল্পীদের সমাজে গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, শিরিন সুলতানাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত আবৃত্তিশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও দর্শকরা উপস্থিত ছিলেন।


































