আলীর নির্মাণে নতুন মিউজিক্যাল ফিল্ম
- সর্বশেষ আপডেট ১০:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / 161
প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা রাঙামাটির মনোরম পরিবেশে নির্মিত হয়েছে একটি নতুন মিউজিক্যাল ফিল্ম। পরিচালক মোহাম্মদ আলীর নির্মাণে তৈরি এই মিউজিক্যাল ফিল্মটি আগামী ১৭ মার্চ গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
মিউজিক্যাল ফিল্মটির দৃশ্যধারণ করা হয়েছে রাঙামাটির পাহাড়, সবুজ প্রকৃতি ও লেকের নৈসর্গিক সৌন্দর্যকে কেন্দ্র করে। এতে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও স্বর্ণালি চৈতী।
পরিচালক মোহাম্মদ আলী জানান, গানটির কথা, সুর ও গায়কীর আবেগকে দৃশ্যের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, গানটির ভেতরে যে বিষণ্ন অনুভূতি রয়েছে, সেটি রাঙামাটির প্রকৃতির সঙ্গে মিলিয়ে উপস্থাপন করা হয়েছে। দর্শকদের কাছে এটি ভালো লাগবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গানটি কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কিশোর দাস। গানটি প্রসঙ্গে তিনি বলেন, এর মূল কৃতিত্ব গীতিকার আসিফ ইকবালের। তিনি দারুণ একটি লিরিক লিখেছেন। এর আগে আসিফ ইকবালের লেখা ‘হৃদয় দিয়ে ভালোবাসে যারা’ এবং ‘সবটা জুড়ে তুমি’ গানেও কণ্ঠ দেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। এবার গেয়েছেন ‘আমি কেমন তুমি জানো’ শিরোনামের গানটি।
গানটির সংগীতায়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সংগীত পরিচালক মানাম আহমেদ। প্রায় আট থেকে দশ দিনের পরিশ্রমে গানটি সম্পন্ন করা হয়েছে। গানটিতে একদিকে শান্ত আবেগ, অন্যদিকে হালকা হাহাকার ও না বলা কিছু অনুভূতির প্রকাশ রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
গীতিকার আসিফ ইকবালও গানটি নিয়ে আশাবাদী। তিনি বলেন, শিরোনাম থেকেই বোঝা যায় গানটিতে প্রেম, হাহাকার ও অপ্রকাশিত অনুভূতির কথা রয়েছে। কিশোর দাসের কণ্ঠ, মানাম আহমেদের সংগীতায়োজন এবং অমিত চ্যাটার্জির সুর মিলিয়ে গানটি নান্দনিক হয়ে উঠেছে বলে তার বিশ্বাস।
নির্মাতাদের আশা, গানটির অডিওর পাশাপাশি ভিডিওটিও দর্শকদের ভালো লাগবে এবং রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য দর্শকদের ভিন্ন এক অনুভূতি দেবে।





































