আলিম শিক্ষার্থীদের জন্য শেষ সুযোগ
- সর্বশেষ আপডেট ০২:৪৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 61
রেজিস্ট্রেশন করতে না পারা আলিম শিক্ষার্থীদের জন্য স্বস্তির খবর। বিশেষ বিবেচনায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (পরীক্ষা-২০২৭) শিক্ষার্থীদের অনলাইন ভর্তি ও রেজিস্ট্রেশনের সময় আবারও বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, যেসব শিক্ষার্থী এখনো কোনো মাদ্রাসায় অনলাইনে ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, তারা নির্ধারিত সময়ের মধ্যে বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে। আর ৩০ জুলাই পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য ইএসআইএফ (eSIF)-এ এন্ট্রি করার সুযোগ থাকবে।
বোর্ড জানিয়েছে, মাদ্রাসাগুলোকে www.ebmeb.gov.bd পোর্টালে প্রতিষ্ঠানের EIIN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি জমা দিতে হবে। ফি জমা নিশ্চিত হওয়ার পরই নতুন শিক্ষার্থীদের তথ্য আপলোডের সুযোগ চালু হবে।
তবে এবার শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। একবার তথ্য এন্ট্রি করার পর তা মুছে ফেলার সুযোগ থাকবে না। তবে আগে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের বিভাগ, বিষয় ও ছবির ভুল সংশোধনের অনলাইন কার্যক্রম আগের মতোই চালু থাকবে।
ফি নির্ধারণেও জানিয়েছে বোর্ড। নিয়মিত শিক্ষার্থীদের মোট ফি ৬৮৫ টাকা, আর অনিয়মিত শিক্ষার্থীদের পাঠ বিরতি ফিসহ মোট ৮৩৫ টাকা পরিশোধ করতে হবে।
রেজিস্ট্রেশন বা তথ্য এন্ট্রিতে কোনো সমস্যা হলে অফিস সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের EIIN-ভিত্তিক সিম থেকে ০১৭১৩-০৬৮৯০৯ অথবা ০১৭১৫-৬১১৯৩৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।



































