আগাম শীতের সবজিতে চড়া দাম, স্থিতিশীল মাছ-মাংস

- সর্বশেষ আপডেট ১২:৫৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 178
রাজধানীর বাজারে শীতকালীন আগাম সবজি উঠতে শুরু করেছে। তবে এসব সবজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। অধিকাংশ সবজিই বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ থেকে ২০০ টাকায়। অন্যদিকে গত সপ্তাহের তুলনায় মাছ ও মাংসের দামে উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তবে ডিমের দাম কিছুটা কমেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে প্রতি কেজি ফুলকপি, ঝিঙা, লাউ, কচুমুখি, পটোল, মুলা ও ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বেগুন ও কাঁকরোলের দাম কেজিপ্রতি ১০০ টাকা। আগাম শিম কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১৬০ টাকা। আর টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। একটি ফুলকপি বিক্রি হচ্ছে ৭০ টাকায়।
তবে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে ও মিষ্টিকুমড়া। প্রতি কেজি পেঁপে ৩০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাউয়ের আকারভেদে দাম ৪০ থেকে ৬০ টাকা। কাঁচা মরিচের দাম কিছুটা কমে মানভেদে কেজিপ্রতি ১২০ থেকে ১৪০ টাকায় নেমেছে।
সবজির চড়া দামের মধ্যে মুরগি ও গরুর মাংসের বাজারে তেমন পরিবর্তন দেখা যায়নি। রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম আগের মতোই কেজিপ্রতি ৮০০ টাকা।
ব্রয়লার মুরগির বিক্রেতা শরিফ বলেন, কয়েক সপ্তাহ ধরে ব্রয়লার মুরগির দাম ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে ওঠানামা করছে। এক সপ্তাহে ১০ টাকা কমলে পরের সপ্তাহে আবার বাড়ে। সোনালি মুরগির দামও ৩১০ থেকে ৩২০ টাকার মধ্যে রয়েছে। শুক্রবার তিনি প্রতি কেজি সোনালি মুরগি ৩১০ টাকায় বিক্রি করছেন।
এদিকে ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা কমেছে। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। চারটি ডিমের দাম ৫০ টাকা।
মাছের বাজারেও গত সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই। বর্তমানে প্রতি কেজি তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২২০ থেকে ২৩০ টাকা, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া পাবদা মাছের কেজি ৩৫০ থেকে ৪০০ টাকা, বড় রুই ৪৫০ থেকে ৫০০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা এবং বাইন মাছ ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
দেশি কই মাছের কেজি ৭০০ থেকে ৮০০ টাকা। চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে চাষের শিং মাছের দাম ৩০০ থেকে ৪৫০ টাকা। মাঝারি আকারের রুই পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। অন্যদিকে রূপচাঁদা ও নদীর বেলে মাছ কিনতে ক্রেতাদের কেজিপ্রতি এক হাজার টাকার বেশি খরচ করতে হচ্ছে।
মাছের আকার, জীবিত বা মৃত অবস্থায় বিক্রি এবং বাজারভেদে দামে কিছুটা পার্থক্য রয়েছে। প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমবেশি হতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা।
মাছ বিক্রেতা নাঈম বলেন, গত সপ্তাহের তুলনায় মাছের দামে তেমন পরিবর্তন হয়নি। অধিকাংশ মাছ আগের দামেই বিক্রি হচ্ছে।































