মাত্র ১৫ বছর বয়সে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন ছোট পর্দার মডেল ও অভিনেত্রী সিমরিন লুবাবা। ভক্তদের প্রশংসা ‘সাহসী’ এবং ‘অনুপ্রেরণাদায়ক’ হিসেবে, কিন্তু নারীপক্ষ প্রশ্ন তুলেছে—আইনবিরুদ্ধ এই কাজ কি প্রশংসার যোগ্য?
সিমরিন লুবাবা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিয়ের তথ্য জানিয়ে দিয়েছে। দেশের প্রধান পত্র-পত্রিকাতেও খবরটি প্রকাশিত হয়েছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে—বিয়ে কোথায়, কিভাবে, এবং কে আয়োজন করেছে? নিবন্ধন হয়েছে কি, আদালতের অনুমোদন নেওয়া হয়েছে কি, অভিভাবকদের ভূমিকা কী ছিলো, এবং স্বাক্ষী কারা ছিলেন?
বাংলাদেশের বাল্যবিয়ে নিরোধ আইন অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। এর নিচে বিয়ে করলে তা দণ্ডনীয় অপরাধ। বাল্যবিয়ের আয়োজন, অনুমতি বা নিবন্ধন করালে সংশ্লিষ্টরা সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা বা উভয় শাস্তির মুখোমুখি হতে পারেন। বিশেষ বিধান থাকলেও, পিতামাতা ও আদালতের অনুমতি সাপেক্ষে কম বয়সে বিয়ে করতে হলে কঠোর শর্ত মানতে হয়।
নারীপক্ষের বক্তব্য, সিমরিন লুবাবাসহ এই বিয়েতে সংশ্লিষ্ট সব পক্ষ আইন অমান্য করেছেন। সরকারের, প্রশাসনের এবং মিডিয়ার নীরবতা এই বিষয়কে আরও জটিল করেছে। তারা দাবি করেছেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না হলে নারীদের বিরুদ্ধে সহিংসতা আরও বাড়তে পারে এবং দায় সংশ্লিষ্ট সকলের উপর বর্তাবে।