আইজিপির বক্তব্য বিব্রত বিএনপি সরকার

- সর্বশেষ আপডেট ০৭:৩২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 84
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে’ বক্তব্যকে সরকারের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করা বিএনপি সরকারের সময়ে পুলিশপ্রধানের মুখে এমন বক্তব্য তাদের ভাবিয়ে তুলছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, পুলিশ বাহিনী সরকারেরই একটি অংশ। সে ক্ষেত্রে পুলিশপ্রধান কীভাবে ক্রসফায়ারের কথা বলেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে বক্তব্যটি অনিচ্ছাকৃতভাবে দেওয়া হয়ে থাকলে বিষয়টি ভিন্ন বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছর দলটি গুম, ক্রসফায়ার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই সংগ্রামের পর ৫ আগস্টের পরিবর্তন এবং জুলাইয়ের অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা করছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরও জনগণের প্রত্যাশা একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এমন পরিস্থিতিতে পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের মতো বক্তব্য উদ্বেগ তৈরি করছে।
অপরাধ দমনে দেশে পর্যাপ্ত আইন রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, প্রচলিত আইন প্রয়োগ করেই সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। কিশোর অপরাধের প্রবণতা বৃদ্ধি এবং ঢাকার কয়েকটি এলাকায় অপরাধের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
পুলিশ বাহিনীতে অনেক সৎ ও দক্ষ কর্মকর্তা রয়েছেন উল্লেখ করে রিজভী বলেন, তাঁদের কাজে লাগাতে হবে এবং কোনো ধরনের প্রভাব ছাড়াই আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। গুম কিংবা ক্রসফায়ার; কোনোটিই অপরাধ দমনের গ্রহণযোগ্য পদ্ধতি হতে পারে না। দায়িত্বশীল ব্যক্তিদের কথা বলা ও কাজ করার ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
এর আগে সোমবার পুরান ঢাকার চকবাজারে এক বক্তব্যে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে। তাঁর এ বক্তব্যের পর জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন প্রতিক্রিয়া জানায়।
সমালোচনার মুখে সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর এক ব্যাখ্যায় জানায়, আইজিপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার অর্থে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেননি। অপরাধীদের বিরুদ্ধে আইন প্রয়োগে কঠোরতা বোঝাতেই তিনি শব্দটি ব্যবহার করেছেন বলে ব্যাখ্যায় দাবি করা হয়।

































