অভিবাসন সাংবাদিকতায় পুরস্কার পেলেন চার সাংবাদিক
- সর্বশেষ আপডেট ০৭:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 111
অভিবাসী কর্মীদের অধিকার রক্ষা ও ন্যায়বিচারপ্রাপ্তি বিষয়ে তথ্যসমৃদ্ধ ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য চার সাংবাদিককে ‘মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ঢাকার হলিডে ইন হোটেলে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) আয়োজনে এ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড সরকারের অর্থায়ন ও হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহায়তায় বাস্তবায়িত ‘স্ট্রেনদেনড অ্যান্ড ইনফর্মেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস-২)’ প্রকল্পের অ্যাক্সেস টু জাস্টিস কার্যক্রমের আওতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনডব্লিউএলএর সভাপতি অ্যাডভোকেট সীমা জহুর। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির পরিচালক মো. আশরাফুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদুল হক।
পুরস্কারপ্রাপ্ত চার সাংবাদিক হলেন বাংলা স্ট্রিমের স্টাফ রিপোর্টার তৌফিক হাসান, চ্যানেল আইয়ের নিজস্ব প্রতিবেদক রিয়াজুল ইসলাম রিয়াজ, দৈনিক সমকালের জ্যেষ্ঠ সহসম্পাদক মো. শাহেরীন আরাফাত এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাছুম কামাল।
আয়োজকেরা জানান, অনুসন্ধানী সাংবাদিকতার প্রশিক্ষণ শেষে দেড় মাস ধরে প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। জমা পড়া ১৭টি প্রতিবেদনের মধ্য থেকে চারটি প্রতিবেদন পুরস্কারের জন্য নির্বাচিত হয়।
প্রধান অতিথি আহমেদুল হক এ উদ্যোগের প্রশংসা করে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানান। তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রয়েছে। তবে এর পাশাপাশি গন্তব্য দেশের ঝুঁকি যাচাই, কর্মীদের দক্ষতা উন্নয়ন ও ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। মন্ত্রণালয়ে গবেষণা সেল না থাকায় গবেষণামূলক কাজের সুযোগ সীমিত বলেও উল্লেখ করেন তিনি। এ সময় সাংবাদিকদের তথ্যনির্ভর, অনুসন্ধানী ও গবেষণামূলক প্রতিবেদন তৈরির আহ্বান জানান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক নাজমুল ইসলাম সরকার এবং বাংলাদেশ আইন সহায়তা অধিদপ্তরের সহকারী পরিচালক রিফাত আরা সুলতানা। বক্তব্য দেন হেলভেটাস বাংলাদেশের সিমস প্রকল্পের সমন্বয়কারী সাজ্জিদ আহমেদ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬-এর জুরি বোর্ডের সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কাজী আবুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী এবং চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক মাশরুর জামান। তাঁরা অনুসন্ধানী ও তথ্যসমৃদ্ধ সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, বাংলাদেশ ও গন্তব্য দেশ; উভয় জায়গাতেই অভিবাসী কর্মীরা প্রতারণা, শোষণ এবং আইনি সহায়তা ও ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে নানা বাধার মুখে পড়েন। এসব সমস্যা তুলে ধরতে নিরাপদ অভিবাসন, কর্মীদের অধিকার এবং ন্যায়বিচার বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি প্রমাণভিত্তিক, নৈতিক ও অনুসন্ধানী সাংবাদিকতার চর্চা জোরদার করতে হবে।
তাঁরা আশা প্রকাশ করেন, অভিবাসী কর্মীদের সমস্যা ও প্রতারণার ঘটনা গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে উঠে এলে জনসচেতনতা বাড়বে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে উৎসাহিত হবে। অনুসন্ধানী প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে অভিবাসন পরিস্থিতির উন্নয়নে সরকারের সঙ্গে প্রয়োজনীয় অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।






























